বৃত্তির টাকা না পেয়ে প্রশিক্ষণার্থী শিক্ষকদের বিক্ষোভ
বরাদ্দ করা বৃত্তির টাকা না পেয়ে আন্দোলনে নেমেছেন ময়মনসিংহ টিচার্স ট্রেনিং (টিটি) কলেজের প্রশিক্ষণার্থী ১৭১ জন শিক্ষক। গতকাল রোববার দাবি আদায়ে তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। জানা যায়, অন্যান্য টিটি কলেজের প্রশিক্ষণার্থী শিক্ষকেরা টাকা পেলেও ময়মনসিংহের শিক্ষকেরা বৃত্তির টাকা পাননি। এতে ক্ষুব্ধ হয়ে বৃত্তির টাকার দাবিতে গতকাল দুপুরে কলেজ চত্বরে জমায়েত হয়ে সমাবেশ করেন তাঁরা। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন। সমাবেশে দাবি আদায়ে মানববন্ধন ও অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। ময়মনসিংহ টিটি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নূরুল বাকী খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংসদের সহকারী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আবদুল বারেক, আসাদুজ্জামান, দেলওয়ার হোসেন, বেলাল হোসেন, কাজী নাদিমুল হক, সাইদুর রহমান প্রমুখ।