বৃত্তির টাকা নিয়ে বন্যার্তদের পাশে

অষ্টম শ্রেণির ছাত্রী আমিয়া জামান ওরফে অথৈ। পড়ে ঢাকার মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয়ে। নানার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের এমপিডাঙ্গি গ্রামে। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পায় সে।
দুদিন আগে বৃত্তির টাকা হাতে পেয়ে বাবা আসাদুজ্জামানের হাতে দিয়ে আমিয়া বলে, ‘বাবা আমার এ টাকাটা নানুর বাড়ির বন্যার্ত মানুষের জন্য আমি খরচ করব।’
আমিয়ার মা মারিয়া আফরিন ফরিদপুর চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এমপিডাঙ্গী গ্রামের বাসিন্দা। আমিয়ার মা চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আবদুস সবুর কাজলের সঙ্গে যোগাযোগ করে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর বিকাশ অ্যাকাউন্টে বৃত্তির ২ হাজার ৫০০ টাকা পাঠিয়ে দেন। ওই টাকা চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের বন্যাকবলিত পাঁচটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বন্যাদুর্গত ওই পাঁচটি পরিবার হলো কালু মোল্লা (৮৫), শাহনাজ বেগম (৩৮), রাবেয়া খাতুন (৭০), আলেয়া বেগম (২৮) ও লালমিয়া (৭৮)। প্রত্যেক পরিবারকে দেওয়া হয় ৫০০ টাকা করে।
অষ্টম শ্রেণির এক ছাত্রী বৃত্তির টাকা বন্যার্তদের সহায়তায় পাঠিয়েছে, এ কথা জানতে পেরে সন্তানসম্ভবা আলেয়া বেগম বলেন, ‘বাড়িতে পানি ওঠার পর আমি শ্বশুরের ভিটায় এসে আশ্রয় নিয়েছি। আমার এ সময়ে ৫০০ টাকা ৫ হাজার টাকার কাজ করল, দোয়া করি আল্লাহ ওরে অনেক বড় করুক।’ লালমিয়া বলেন, ‘মাইয়াডারে দোয়া করি, বড় হইয়া ও যেন অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে।’
এ টাকা বিতরণের সময় উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আবদুস সবুর, প্রেসক্লাবের অপর দুই সদস্য মো. আফজাল হোসেন ও মো. ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।