বৃত্তির ফল বাতিল ও খাতা পুনর্মূল্যায়নের দাবি
বরিশালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বৃত্তি কেনাবেচার অভিযোগ উঠেছে। নগরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা ওই অভিযোগ করেছেন। তাঁরা বৃত্তির ফলাফল বাতিল করে খাতা পুনর্মূল্যায়নের দাবি করেছেন।
বৃত্তির ফল বাতিল ও খাতা পুনর্মূল্যায়নের জন্য অভিভাবকেরা গত সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। এ ছাড়া একই দিনে প্রধান শিক্ষক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পৃথক আবেদন করেছেন। শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষা কর্মকর্তাদের কারসাজির কারণে বিদ্যালয়ের প্রথম সারির শিক্ষার্থীরা বৃত্তি পায়নি। অথচ মাঝের বা শেষের সারিতে থাকা শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সরকারি বালিকা বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, প্রতিবছর এই বিদ্যালয়ের চার শাখায় প্রথম সারির ১০-১২ জন করে কমপক্ষে ৪০-৫০ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এ বছর মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি মিলিয়ে পেয়েছে মাত্র ২৯ জন। সেই সঙ্গে একটি শাখায় কেউ বৃত্তি পায়নি। অভিভাবক ফাহিমা তালুকদার বলেন, ‘মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা বৃত্তি না পাওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটা কারসাজি করা হয়েছে। এই ফল আমরা মানি না। এটি বাতিল করে খাতা পুনর্মূল্যায়ন করতে হবে।’
অভিভাবক দিলারা হোসেন, আলো রানী দেসহ অনেকে বলেন, এই বৃত্তি অর্থের বিনিময় কিনে নেওয়া হয়েছে। শিক্ষা কর্মকর্তারা এর সঙ্গে জড়িত না থাকলে এমন ফল হতে পারে না।
বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন বলেন, ‘আমার বিদ্যালয়ের চার সেকশন থেকে ৩০০ শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে প্রতি সেকশনে ১০ জন হিসেবে ৪০ জন সমান মেধাসম্পন্ন। কিন্তু তাদের অনেকেই বৃত্তি পায়নি। আমাদের ধারণা, এখানে কোনো একটা সমস্যা হয়েছে। এ কারণে এসব শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন হওয়া দরকার।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসিরউদ্দিন আহম্মেদ বলেন, ‘বৃত্তি কেনাবেচার অভিযোগ ভিত্তিহীন। আমরা ফল তৈরি করে ঢাকায় পাঠাই। খাতা পুনর্মূল্যায়নের সুযোগ নেই। তার পরও আবেদনটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।’