বৃদ্ধ দম্পতির কান্না
পাঁচ বছর আগে অন্যের একটি গাভি নিয়ে পালন করতে থাকেন অতি দরিদ্র অহিদ খাঁ (৮২)। পরে একটি বাছুর ভাগে পান তিনি। তিন বছর পালনের পর এটি গাভিতে পরিণত হয়। মাস দুয়েক পরই এটির বাছুর হবে এবং দুধ দেবে। শেষ বয়সে দুধ বিক্রি করেই দুবেলা খেতে পারবেন। কিন্তু তাঁর সেই আশা ও স্বপ্ন থামিয়ে দিয়েছে চোর। গত বুধবার সকালে মাঠ থেকে গাভিটি চুরি হয়ে যায়। অনেক খুঁজেও না পেয়ে তিনি কয়েক দফা মূর্ছা যান। এর পর থেকে স্বামী-স্ত্রী আর ঘর থেকে বের হচ্ছেন না। শুধুই কাঁদছেন। চুলোয় হাঁড়ি ওঠেনি পাঁচ দিন। ঘরে খাবারও নেই। তবে প্রতিবেশীরা গত তিন দিন জোর করে তাঁদের খাইয়েছে। ঘটনাটি রংপুরের বদরগঞ্জ উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে কিসমত ঘাটাবিল সরকারপাড়া গ্রামের।ওই বাড়িতে রোববার দুপুরে গিয়ে দেখা যায়, একটি ঝুপড়িঘরে শুয়ে আছেন বৃদ্ধ অহিদ খাঁ। ঘরের দরজায় মাথা ঠেকিয়ে বসে আছেন স্ত্রী ফতে বেগম (৭৫)। এই প্রতিনিধিকে দেখে চমকে উঠে তিনি বলেন, ‘বাবা, মোর গরুটা পাইছেন?’ প্রতিবেশী উপিয়া বেগম (৫২) বলেন, ‘নতুন কাউকে দেখলেই স্বামী-স্ত্রী দুজনই ভাবছেন হয়তো গরুর খোঁজ নিয়ে এসেছেন। গরু হারিয়ে তাঁরা অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ঘর থেকে বেরও হচ্ছেন না। খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন। তিন দিন জোর করে আমরা তাঁদের খাইয়েছি।’ আরেক প্রতিবেশী রানী বেগম (৫৫) বলেন, দুই মেয়ের বিয়ে দিয়ে এখন তাঁরা নিঃস্ব। কোনো কাজ করতে পারেন না। গাভিটিই ছিল তাঁদের একমাত্র সম্বল ও ভরসা।রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান শরৎ চন্দ্র রায় বলেন, গাভিটি চুরি যাওয়ায় অতি দরিদ্র অহিদ খাঁ ও তাঁর স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, ‘গরু হারানোর বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা উদ্ধারের চেষ্টা করছি।’