কিশোরগঞ্জের কুলিয়ারচরে অজ্ঞান পার্টির কবলে পড়ে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
ওই ব্যক্তির বয়স ৬৫ থেকে ৭০ বছর হতে পারে। তাঁর পরনে ছিল লুঙ্গি ও চেক শার্ট। পকেটে টাকাপয়সা পাওয়া যায়নি। পৃথক ঘটনায় ট্রেনের দুই যাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার সকাল নয়টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের দাঁড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে কিশোরগঞ্জগামী একটি বাস থেকে এক বৃদ্ধ যাত্রীকে নামিয়ে দিয়ে যাওয়া হয়। তিনি তখন কিছুটা অচেতন ছিলেন।
স্থানীয় লোকজনের ধারণা, ওই বৃদ্ধ চলন্ত বাসে অজ্ঞান পার্টির কবলে পড়েছিলেন। পুলিশি হয়রানি এড়াতে চালক বৃদ্ধকে পথে নামিয়ে দিয়ে যান। পরে পুলিশ এসে বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে একদিন চিকিৎসাধীন ছিলেন। জরুরি বিভাগ জানায়, ভর্তি করার পর বৃদ্ধের আর জ্ঞান ফিরে আসেনি। অতিমাত্রায় চেতনানাশকের কারণে এমনটা হতে পারে বলে তাঁদের ধারণা এবং এই কারণেই মৃত্যু হতে পারে। অপর দিকে গতকাল ভোরে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল পয়েন্টের কাছে দুই যাত্রী অচেতন হয়ে পড়েছিলেন। কিছুটা জ্ঞান ফেরার পর তাঁরা জানান, তাঁদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। চট্টগ্রামে জুতা কারখানায় কাজ করেন। ঈদ উপলক্ষে কর্মস্থল থেকে ট্রেনে বাড়ি ফিরছিলেন। রাতে ভৈরব স্টেশনে নেমে লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। ভোরে হকারের কাছ থেকে পাউরুটি কিনে খাওয়ার পর আর কিছু বলতে পারেন না। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁদের কাছ থেকে প্রায় সাড়ে তিন হাজার টাকা নিয়ে গেছে বলে জানান।
পরিবহন শ্রমিকেরা জানিয়েছেন, রমজান মাসের শুরুতে সড়ক ও রেলপথে অজ্ঞান পার্টির চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। প্রতিদিন একাধিক যাত্রী তাঁদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। বিশেষ করে ট্রেনযাত্রীরা অপ্রীতিকর পরিস্থিতির শিকার হচ্ছেন বেশি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, বৃদ্ধের পকেটে মানিব্যাগ বা কোনো টাকাপয়সা পাওয়া যায়নি। মুঠোফোনও ছিল না। ফলে পরিচয় উদ্ধার করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।