বৃদ্ধ বয়সে ঠাঁই নেই রোকেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী ও ছেলে মারা গেছেন অনেক আগে। জমি লিখে দিয়ে আশ্রয় নিয়েছিলেন মেয়ের বাড়িতে। কিন্তু সেখানেও ঠাঁই হয়নি তাঁর। ১৭ জুলাই জামাতা তাঁকে বাড়ির পাশের একটি গভীর নলকূপের ঘরে রেখে আসেন। গ্রামের লোকজন এ ঘটনা জানতে পেরে তাঁকে উদ্ধার করে থানায় রেখে আসেন। পুলিশ এ বিষয়ে অভিযোগ নিয়ে তাঁকে তাঁর এক ভাগনের বাড়িতে আপাতত থাকার ব্যবস্থা করে দিয়েছে।৯০ বছর বয়সী ওই নারীর নাম রোকেয়া বেওয়া। তিনি উপজেলার পাঁচখুপি গ্রামের মৃত মোকসেদ আলী আকন্দের স্ত্রী। ১৫ বছর আগে তাঁর ছেলে ইলিয়াস আলী মারা যান। এরপর ইলিয়াসের স্ত্রী নাছিমার অন্যত্র বিয়ে হয়ে যায়। ইলিয়াসের দুই ছেলের নাম নাসির আলী ও রনি। এর মধ্যে রনি বগুড়া শহরে থেকে উচ্চমাধ্যমিকে লেখাপড়া করেন আর নাসির বেকার। তাঁরা বিয়ে করেননি। ইলিয়াস আলী মারা যাওয়ার পর রোকেয়া তাঁর স্বামীর কিছু জমি মেয়ে ও ছেলের নাতিদের মধ্যে ভাগ করে দেন। তিনি দীর্ঘদিন ছেলের ঘরের নাতিদের সঙ্গে ছিলেন।রোকেয়া বেওয়া জানান, বয়সের কারণে আর আগের মতো চলাফেরা করতে না পারায় এক বছর আগে তিনি তাঁর জামাতা বজরবরাহী গ্রামের হারুন সরদারের বাড়িতে ওঠেন। সেখানে থাকার জন্য তিনি তাঁর জামাতাকে তাঁর নামে থাকা ১১ শতক জমিও লিখে দেন। তিনি অভিযোগ করেন, কিছুদিন রাখার পর তাঁর জামাতা তাঁকে ছেলের ঘরের নাতি নাসিরের কাছে রেখে আসেন। কিন্তু সেখানে দেখাশোনা করার মতো কেউ না থাকায় নাসির তাঁকে আবার তাঁর জামাতার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু সেখানেও তাঁর আশ্রয় হয়নি। ১৭ জুলাই বেলা তিনটার দিকে তাঁর জামাতা এক লোককে দিয়ে তাঁকে (রোকেয়া) বাড়ির পাশের একটি অগভীর নলকূপের ঘরে রেখে আসেন। ওই দিন সন্ধ্যায় বজরবরাহী গ্রামের আবদুল বাসেদসহ কয়েকজন রোকেয়া বেওয়াকে উদ্ধার করে ক্ষেতলাল থানায় নিয়ে আসেন। পরে পুলিশ তাঁকে তাঁর ভাগনে উপজেলার হিন্দা গ্রামের সিরাজুলের বাড়িতে রেখে আসেন। এ ব্যাপারে রোকেয়া ১৮ জুলাই আবার জামাতা ও ছেলে পক্ষের নাতিদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।জামাতা হারুন সরদার জানান, বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য তিনি তাঁর শাশুড়ির কাছ থেকে জমি লিখে নেননি। ওই জমি তাঁর স্ত্রী উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার ইকবাল বলেন, ‘এ ব্যাপারে রোকেয়া বেওয়া থানায় এসে একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি অমানবিক, তাই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’