বৃদ্ধ রিকশাচালককে বেধড়ক পেটালেন ট্রাফিক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক পুলিশের ইশারা (সিগন্যাল) বুঝতে পারেননি বৃদ্ধ রিকশাচালক আসলাম (৫৫)। এ কারণে বেধড়ক পেটানো হলো তাঁকে।অমানবিক এই নির্যাতন দেখে ফুঁসে ওঠেন রিকশাচালক ও পথচারীরা। তাঁদের তাড়া খেয়ে কোনোরকমে পালিয়ে বাঁচেন কনস্টেবল লুৎফর রহমান (৪০)। নীলফামারীর সৈয়দপুরে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়সংলগ্ন বঙ্গবন্ধু সড়কে দায়িত্ব পালনকারী পুলিশ কনস্টেবল লুৎফর রিকশা থামাতে ইশারা করেন। কিন্তু ইশারা বুঝতে না পেরে পরিশ্রান্ত আসলাম তাঁর রিকশাটি চালিয়ে ১ নম্বর রেলগেটের সামনে গিয়ে দাঁড়ান। তখন ওই স্থান অতিক্রম করছিল একটি ট্রেন। এ সুযোগে লুৎফর দৌড়ে গিয়ে পাকড়াও করেন আসলামকে। সঙ্গে সঙ্গে তাঁর ওপর হামলে পড়েন তিনি।প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, প্রচণ্ড মারমুখী ছিলেন কনস্টেবল লুৎফর রহমান। তাঁর একের পর এক চড়-থাপড় খেয়ে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন আসলাম। তাঁর নাক-মুখ ফেটে রক্ত বের হতে থাকে। এই নিষ্ঠুরতা দেখে ঘটনাস্থলে ছুটে আসেন পাঁচমাথা মোড় রিকশাস্ট্যান্ডের অসংখ্য রিকশাচালক ও পথচারী। এরপর দ্রুত এলাকা ছেড়ে চলে যান লুৎফর। পরে আসলামকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার প্রতিবাদে রিকশাচালকেরা পাঁচমাথা মোড়ে রাত নয়টার দিকে অবরোধ সৃষ্টি করেন। সৈয়দপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) শামসুল হক বলেন, ‘আমরা ঘটনাটি জেনেছি। ট্রাফিক কনস্টেবল লুৎফরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’