বৃদ্ধ হত্যায় এক ব্যক্তির যাবজ্জীবন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গামরুলী গ্রামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার দায়ে আবু ছিদ্দিক নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আবদুল হামিদ আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গামরুলী গ্রামের বৃদ্ধ আবদুল হাকিমের (৭০) সঙ্গে একই গ্রামের আবু ছিদ্দিকের (৫৫) বিরোধ চলছিল। এরই জের ধরে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর আবদুল হাকিমকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
পরদিন নিহত বৃদ্ধের ছেলে মো. লোকমান বাদী হয়ে আবু ছিদ্দিককে একমাত্র আসামি করে কেন্দুয়া থানায় মামলা করে। ২০০৬ সালের ৯ জানুয়ারি পুলিশ আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করে। আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করে।