বৃদ্ধকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরের কমলনগরে এক বৃদ্ধকে অপহরণের চেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছেন জনতা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (২৪) ও একই ইউনিয়নের দক্ষিণ চরকাদিরা বটতলী এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. রাসেল (২৫)।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আনোয়ার ও রাসেলসহ ছয়জনকে আসামি করে কমলনগর থানায় মামলা হয়েছে।
অপহরণের চেষ্টার শিকার ভবতোষ দাস (৮০) বলেন, ৬৪ শতক জমি নিয়ে প্রতিবেশী আবুল কাশেমের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলছে। এ নিয়ে একাধিক মামলাও আছে। গত বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর আদালত চত্বরে এ নিয়ে সালিস হয়। তবে কোনো নিষ্পত্তি ছাড়াই সালিস শেষ হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাত নয়টার দিকে আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন লোকজন নিয়ে স্থানীয় করুণানগর বাজারের পাশ থেকে তাঁকে তুলে নিয়ে যায়।
পরে তাঁকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে অজ্ঞাত স্থানের উদ্দেশে রওনা হয় তারা। রাত ১০টার দিকে চরকাদিরার ইসলামগঞ্জ বাজার এলাকায় তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় জনতা মোটরসাইকেলসহ আনোয়ার ও রাসেলকে ধরে পুলিশে খবর দেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আহাম্মদ জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ওই ঘটনা ঘটে।