বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামে গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে আবদুল কাদের হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত অভিযোগে রাতেই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বদু তালুকদার ও তাঁর ভাতিজা মো. আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
বদু তালুকদার কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদারের ছোট ভাই।
এর আগে গত ২৭ জুন কাদেরের ছোট ভাই মো. মোখলেছুর রহমানের লোকজনের সঙ্গে সংঘর্ষের সময় বদু তালুকদারের ছেলে সালাহউদ্দিন আহমেদের (২২) ডান পায়ের রগ কেটে দেওয়া হয়। ওই ঘটনার জের ধরে কাদেরকে হত্যা করা হয় বলে ধারণা করছেন স্থানীয় লোকজন। নিশানবাড়িয়া গ্রামের ‘ক’ তফসিলভুক্ত ১০ একর অর্পিত সম্পত্তির মধ্যে একটি মাছের ঘেরের মালিকানা নিয়ে মোখলেছ ও বদুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় নিশানবাড়িয়া গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত কাদেরের ভাই আইনজীবী মো. আবদুস ছত্তার অভিযোগ করেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বদু তালুকদার, মামুন তালুকদার, সেলিম তালুকদারের নেতৃত্বে ৪০-৫০ জন সশস্ত্র সন্ত্রাসী তাঁর ভাইয়ের বাড়িতে যায়। কাদেরকে ডেকে বাড়ির উত্তর দিকের রাস্তার ওপর নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের হাতে কাটা রাইফেল, পাইপগান, বগি দা, রামদাসহ লাঠিসোঁটা ছিল। কাদের কিছু বোঝার আগেই সন্ত্রাসীরা লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা মৃতদেহটি পাশের নিশানবাড়িয়া খালে ফেলে চলে যায়।
খবর পেয়ে কলাপাড়া থানার পুলিশ খাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আজিমুল হক।
নিহত ব্যক্তির অপর ভাই মোখলেছুর রহমান অভিযোগ করে বলেন, বদু তালুকদারের ভাইয়ের ছেলে আইনজীবী মো. মজিবুর রহমান তালুকদারের চেম্বারে বসে এমন নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়।
অভিযোগ অস্বীকার করে মজিবুর রহমান তালুকদার বলেন, ‘আমি ছিলাম বরিশালে। আমার চেম্বারে বসে এ ধরনের ঘটনার পরিকল্পনা করার যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য। আমি আত্মীয়স্বজনদের মামলা চালাই বলে আজকে তাঁরা (মোখলেছ) শত্রুতাবশত এমন কথা বলছেন।’
বদু তালুকদারের ছেলে আলাউদ্দিন তালুকদার দাবি করেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় আমার বাবা বা আমাদের পরিবারের কেউ জড়িত নন। মোখলেছরাই হত্যার ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছেন।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বদু তালুকদার ও আল আমিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।