বৃদ্ধকে পিটিয়ে জখম করলেন আ.লীগ নেতা!
সাতক্ষীরার কলারোয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে এক বৃদ্ধকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় বৃদ্ধ ওয়াজেদ আলীকে (৬৫) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি কেঁড়গাছি ইউনিয়নের হরিনা গ্রামে।ওয়াজেদ আলী জানান, একই গ্রামের আবদুল মালেকের সঙ্গে পাঁচ শতক জমি নিয়ে তাঁর বিরোধ চলছে। আবদুল মালেক মামলা-মোকদ্দমা করে নানাভাবে তাঁকে হয়রানি করছেন। কিন্তু এ পর্যন্ত সব কটি মামলার রায়ই তাঁর (ওয়াজেদ) পক্ষে গেছে। ওয়াজেদ আলী অভিযোগ করেন, শনিবার সকালে তিনি ওই জমিতে বেড়া নির্মাণের কাজ করছিলেন। এ সময় তিনজন চৌকিদার ও একজন দফাদার এসে তাঁকে জোর করে ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে নিয়ে যান। এরপর ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি ভুট্টলাল গাইন তাঁকে হাত-পা বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে বেদম মারধর করেন। তাঁর কাছ থেকে জোর করে মুচলেকা আদায় করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।ওয়াজেদ আলী বলেন, গত ইউপি নির্বাচনে ভুট্টলাল গাইনের পক্ষে কাজ করেন আবদুল মালেক। এ কারণে আবদুল মালেকের পক্ষ হয়ে ইউপি চেয়ারম্যান তাঁর ওপর নির্যাতন চালিয়েছেন। প্রতিবেশী সেলিনা খাতুন বলেন, দফাদার ও চৌকিদারেরা এসে ওয়াজেদ আলীর জমিতে দেওয়া বেড়া উচ্ছেদ শুরু করেন। এতে বাধা দিলে তাঁরা তাঁকে জোর করে তুলে নিয়ে যান। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজুল্লাহ জানান, ওয়াজেদ আলীর দুই পা ও শরীরে মারাত্মক ক্ষত চিহ্ন রয়েছে। এক পায়ে তিনটি সেলাই লেগেছে। ডান পা ভেঙেছে কি না, এক্স-রে করার পর নিশ্চিত হওয়া যাবে।নির্যাতনের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ভুট্টলাল গাইন প্রথম আলোকে বলেন, আবদুল মালেকের ৫০ বছরের পুরোনো যাতায়াতের পথ ওয়াজেদ আলী ও তাঁর ছেলেরা বেড়া দিয়ে বন্ধ করে দেন। আবদুল মালেক বিষয়টি ইউনিয়ন পরিষদে জানান। ইউনিয়ন পরিষদ থেকে ওই বেড়া তুলে দেওয়ার জন্য চৌকিদার ইমান আলী, আশরাফ হোসেন ও মিজানুর রহমান এবং দফাদার এছাক আলীকে পাঠানো হয়। সেখানে গেলে ওয়াজেদ আলী ও তাঁর ছেলেরা দফাদার ও চৌকিদারদের ওপর হামলা চালান। পরে ওয়াজেদ আলী স্বেচ্ছায় ইউনিয়ন পরিষদে এসে তাঁর কাছে মুচলেকা দেন।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাজ আলী বলেন, ওয়াজেদ আলীর ছেলে কোরবান আলী ইউপি চেয়ারম্যানসহ চারজনের নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছেন। একই ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দফাদার ইছাক আলীর করা অভিযোগপত্রটিও তদন্ত করে তাঁকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।