বৃদ্ধকে বেঁধে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসতভিটা দখলের চেষ্টায় সত্তরোর্ধ্ব দিনমজুর ফিরোজ গাজিকে প্রতিবেশী আরশাদ আলী গাজী ও তাঁর ছেলেরা পিছমোড়া করে বেঁধে দুপুরের প্রচণ্ড রোদের মধ্যে রেখে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিড়ালাক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। ফিরোজ গাজি জানান, তাঁর প্রতিবেশী পূর্ব বিড়ালাক্ষ্মী গ্রামের আরশাদ আলী গাজি নিজ দোতলা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়ির সামনের সরকারি সম্পত্তিসহ তাঁর ১৬ শতক বসতভিটা দখলে নিতে চান। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকালে আরশাদ আলী লোকজন নিয়ে তাঁর পুকুরপাড় থেকে মাটি কাটা শুরু করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আরশাদ আলী ও তাঁর ছেলে আশরাফ আলী, ইয়াছিনসহ কয়েকজন মিলে তাঁকে চড়-থাপড় মারেন এবং একপর্যায়ে নেট জাল দিয়ে পাশের নারকেলগাছের সঙ্গে পিছমোড়া করে বেঁধে রাখেন। সকাল ১০টা থেকে দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রখর রোদের মধ্যে তিনি বার বার পানি চান। তাঁর স্ত্রী খোদেজা বিবি পানি খাওয়ানোর চেষ্টা করলে তাঁকেও চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় আটুলিয়া ইউপি সদস্য রফিকুল ইসলাম লোকজন নিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।আরশাদ আলী গাজি বলেন, ‘ফিরোজ গাজির ওপর নির্যাতন কিংবা জমি দখলের কথা ঠিক নয়। বৃহস্পতিবার বন্দোবস্ত নেওয়া জমিতে মাটি কাটতে গেলে বাধা দেওয়ায় তাঁকে আটক করে গাছতলায় বসিয়ে রাখা হয়। তবে পানি না দেওয়ার কথা ঠিক নয়।’শ্যামনগর থানার ওসি কাজী জালালউদ্দীন আহমেদ বলেন, ‘আরশাদ আলী গাজি ও তাঁর ছেলে ইয়াছিন গাজিকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে।’