প্রতি ছয়জনে পাঁচজনের স্বাস্থ্য ভালো নেই
বৃদ্ধদের জন্য সামাজিক ও রাষ্ট্রীয় বিশেষ উদ্যোগের প্রয়োজন
দেশের মোট জনসংখ্যার ৬ শতাংশ বৃদ্ধ, তাঁদের সংখ্যা প্রায় ৮৫ লাখ। ষাটোর্ধ্ব জনসংখ্যা বৃদ্ধির হার ৩ শতাংশ। বৃদ্ধদের প্রতি ছয়জনে পাঁচজন মনে করেন, তাঁদের স্বাস্থ্য ভালো নেই। শহরের বৃদ্ধদের মধ্যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেশি আর গ্রামে একই বয়সী মানুষের মধ্যে অপুষ্টির হার বেশি।বয়স্ক ব্যক্তিদের নিয়ে পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জরিপকারী প্রতিষ্ঠান এলডারলি ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট (ইআইডি)।সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করেন ইআইডির সভাপতি আবদুস সামাদ। তিনি বলেন, ২০০৬ সালের শেষ দিকে ছয় বিভাগের চার হাজার পরিবারের ওপর জরিপ চালানো হয়। এর মধ্যে তিন হাজার পরিবার গ্রামের। তিনি বলেন, দেশের বয়োজ্যেষ্ঠ মানুষদের আর্থসামাজিক অবস্থা, স্বাস্থ্য পরিস্থিতি এবং তাঁদের সেবাদানব্যবস্থা সম্পর্কে জানতে এই জরিপ করা হয়।জরিপে দেখা গেছে, ৬০ বছরের বেশি বয়স হলেও অনেককে উপার্জনের জন্য কাজ করতে হয়। গ্রামের ৪০ দশমিক ৮ শতাংশ এবং শহরের ৩৯ দশমিক ১ শতাংশ পুরুষ কোনো না কোনো কাজ করেন। একই বয়সের নারীদের মধ্যে এই হার ২ দশমিক ৩ এবং শহরে ৪ শতাংশ। বৃদ্ধ মানুষের দৈনন্দিন কাজে অন্যের সহায়তার প্রয়োজন হয়। উঠে দাঁড়ানো, খাওয়ানো, জামা-কাপড় পরিয়ে দেওয়া, ওষুধ সেবন, গোসল করানো, টয়লেটে নেওয়া—এসব কাজে ৬৬ শতাংশ বৃদ্ধ সহায়তা পান। কিন্তু বৃদ্ধারা সংখ্যায় বেশি হলেও তাঁদের ৫০ শতাংশ এই সহায়তা পান না।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান হাবিবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামাদ আবেদীন।