বৃদ্ধসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী ও তুরাগ এলাকায় দুটি পৃথক ঘটনায় এক বৃদ্ধসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়।
গত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় শফিউল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধ মারা যান। তাঁর বাড়ি শনির আখড়া এলাকায়। দীপু নামে শফিউল্লাহর এক আত্মীয় বলেন, রাতে শনির আখড়া সেতুর ওপর দিয়ে শফিউল্লাহ হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাঁর মাথা, কোমরসহ শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাত লাগে। রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাজধানীর তুরাগ থানা এলাকার দক্ষিণপাড়ার টিনের ছাউনির একটি বাড়ি থেকে গত শুক্রবার সন্ধ্যায় স্মৃতি আক্তার (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ-খুদা প্রথম আলোকে বলেন, ওই বাড়ির একটি ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্মৃতির লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
স্মৃতির গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে। তাঁর বাবার নাম ইদ্রিস আলী। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।