বৃদ্ধা হত্যার ১৫ বছর পর পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আম্বিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের আবুল বাসার খান (৬০) ও আবদুল মান্নান ফকির (৪৫), একই উপজেলার রোলা গ্রামের কবির হোসেন (৪০), মো. আলম (৫৫) ও বাবুল হাওলাদার (৫০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের আবদুস সাত্তার খানের পরিবারের সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সাত্তারের স্ত্রী আম্বিয়া বেগম আসামিদের বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলার বাদী ছিলেন। ২০০১ সালের ১৬ জানুয়ারি রাতে আসামিরা আম্বিয়া বেগমের ঘরে ঢুকে জমির দলিল ও মামলার কাগজপত্র তছনছ করেন এবং তাঁকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনার পরের দিন নিহত নারীর বড় ছেলে আবদুল কাদের খানের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। প্রথমে থানা-পুলিশ, পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে। ২০০৪ সালের ১২ জুলাই সিআইডি পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল। আসামিপক্ষে আইনজীবী ছিলেন আবদুর রশিদ সিকদার।

রায়ে মামলার বাদী হালিমা বেগম সন্তোষ প্রকাশ করেন।

আসামিপক্ষের আইনজীবী আবদুর রশিদ সিকদার বলেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’