বৃদ্ধাকে নির্যাতনকারীদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের বৃদ্ধা ফাতেমা বেওয়ার ওপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে বজরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া এলাকার শত শত নারী-পুরুষ নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে ফাতেমা অভিযোগ করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, বজরা ইউনিয়নের কালপানি বজরা গ্রামের মৃত জহুর উদ্দিনের স্ত্রী ফাতেমা বেওয়া (৬৫) স্বামীর রেখে যাওয়া ৩ শতক বসতভিটায় দুই মেয়ের বিয়ের পর দীর্ঘদিন থেকে একা বসবাস করে আসছেন। প্রতিবেশী মোহাম্মদ আলী ফাতেমা বেওয়াকে তাঁর বসতভিটা বিক্রির জন্য প্রস্তাব দেন। এতে ফাতেমা রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন মোহাম্মদ আলী ও তাঁর পরিবারের সদস্যরা।

গত ২৪ আগস্ট ফাতেমা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে হাত বাঁধা, গলায় রশি লাগানো, মুখের ভেতরে কাপড় ঢোকানো ও অচেতন অবস্থায় বাড়ির পাশের ধানখেত থেকে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় ফাতেমা বাদী হয়ে মোহাম্মদ আলীসহ চারজনকে আসামি করে উলিপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর দুই সপ্তাহ পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করে এলাকাবাসী।

মামলার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোজাম্মেল হক বলেন, আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আবদুল্লাহ আল সাঈদ বলেন, সুষ্ঠু তদন্ত করে বৃদ্ধা যেন ন্যায়বিচার পান, সে ব্যবস্থা নেওয়া হবে।