বৃদ্ধাকে হত্যা করে মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আমেনা খাতুন (৯০) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাতে সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমেনা একমাত্র সন্তান হওয়ায় বাবা আপ্তাব উদ্দিন ভূঞার প্রচুর সম্পদ পান। স্বামী মারা যাওয়ার পর তিন মেয়েকে নিয়ে তিনি কুর্শিপাড়ায় বাবার বাড়িতেই বসবাস করছিলেন। তিন মেয়েকে বিয়ে দেওয়ার পর তিনি একাই বাড়িতে থাকতেন। রোববার রাতে জানালা ভেঙে দুর্বৃত্তরা তাঁর ঘরে ঢুকে তাঁকে শ্বাসরোধে হত্যা করে। এরপর তারা কোরবানির জন্য রাখা অর্থ ও স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
প্রতিবেশী এক নারী জানান, গতকাল সকালে আমেনা বের হচ্ছিলেন না। পরে তাঁরা গিয়ে হাত-পা বাঁধা ও মুখের মধ্যে কাপড় গোঁজা অবস্থায় আমেনাকে দেখতে পান।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।