বৃষ্টি, লোডশেডিংয়ে বগুড়ায় চিকন সেমাই উৎপাদনে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর ঈদুল ফিতর সামনে রেখে বগুড়ায় চিকন সেমাই তৈরির গ্রামগুলো সরগরম থাকে। কিন্তু এবার চিকন সেমাইয়ের উৎপাদন এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এর কারণ বৃষ্টি ও লোডশেডিং। এবার চাহিদা বাড়লেও কারখানাগুলো উৎপাদন বাড়াতে পারেনি। উল্টো উৎপাদিত কাঁচা সেমাই শুকাতে না পেরে অনেক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। এতে শতাধিক কারখানার ২০০ নারী কারিগর বেকার হয়ে পড়েছেন। বগুড়া শহরতলির বেজোড়া, কালিসামাটি, শ্যাঁওলাগাতি ও শ্যামবাড়িয়া সেমাইপল্লির কারখানাগুলো ঘুরে দেখা গেছে, অর্ধেকেরও বেশি সেমাই কারখানা বন্ধ রাখা হয়েছে। প্রতিবছর রোজার ১৫ দিন আগে থেকে ঈদের এক সপ্তাহ আগে পর্যন্ত প্রতিটি কারখানায় প্রতিদিন গড়ে ৪৮০ থেকে ৫০০ কেজি সেমাই তৈরি হতো। এবার লোডশেডিংয়ের পাশাপাশি রমজানের শুরু থেকে টানা বৃষ্টির কারণে সেমাইয়ের উৎপাদন এক-তৃতীয়াংশে নেমে এসেছে। কারখানার মালিকেরা জানান, পল্লিগুলোর ছোট-বড় শতাধিক কারখানায় প্রতিবছর রমজানে প্রতিদিন সেমাইয়ের গড় উৎপাদন ছিল ৬০ মেট্রিক টন। এবার তা প্রায় ৬৫ শতাংশ কমে মাত্র ২০ মেট্রিক টনে নেমে এসেছে। লোকসান গোনার আশঙ্কায় কারখানার মালিকেরা অর্ধেকেরও বেশি সেমাইকল বন্ধ রেখেছেন। গত শুক্রবার শ্যাঁওলাগাতি এলাকায় আবদুর রশিদের মালিকানাধীন কারখানায় গিয়ে দেখা গেছে, তিনটি কলের সব কটিই বন্ধ রয়েছে। তিনি বলেন, দিনের আট কর্মঘণ্টার মধ্যে অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকে না। সারা দিনে গড়ে যে চার ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়, তার মধ্যে একটানা এক ঘণ্টাও মেলে না। আধা ঘণ্টা পরপর লোডশেডিং শুরু হয়। তিনি বলেন, বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার মধ্যে যেটুকু বিদ্যুৎ পাওয়া যায়, তা দিয়ে সামান্য সেমাই তৈরি হলেও দিনের বেশির ভাগ সময় বৃষ্টি হওয়ায় রোদের অভাবে তা শুকানো যাচ্ছে না। মজাদার সেমাইর ব্যবস্থাপক মেছের আলী জানান, লোডশেডিং ও টানা বৃষ্টিতে তাঁদের কারখানায় সেমাই উৎপাদনে ধস নেমেছে। তিনি জানান, তাঁদের উৎপাদিত সেমাই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। তিনি বন্ধ থাকা সেমাইকলগুলো দেখিয়ে বলেন, তিন দিন আগে উৎপাদিত কাঁচা সেমাই এখনো শুকাতে পারেননি। তাই ভরা মৌসুমে বাধ্য হয়েই মেশিনগুলো বন্ধ রাখতে হয়েছে।শহরতলির বেজোড়া গ্রামের আবদুর রহিম প্রতিবছর তিন-চারজন শ্রমিক নিয়ে সেমাই তৈরি করেন। এ বছর বিদ্যুৎ না থাকায় নিজেই কাজ করছেন। সঙ্গে তাঁর স্ত্রীকে নিয়েছেন। তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ কম থাকায় মেশিনগুলো বন্ধ রাখতে হচ্ছে অনেক সময় ধরে। এরপর রয়েছে বৃষ্টি। এবার বৃষ্টির কারণে বড় সমস্যা সৃষ্টি হয়েছে। বেজোড়া ঘাটপাড়া গ্রামের মনোয়ারা বেগম জানান, ‘১৭ বছর ধরে এই কাজ করি, এবার খারাপ যাচ্ছে। বেকার বসে আছি।’ তাঁর মতো ২০০ নারী এবার এই সেমাই তৈরি কাজ করছেন না। লোডশেডিংয়ের কথা স্বীকার বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম গতকাল শনিবার প্রথম আলোকে জানান, তাঁরা যে বিদ্যুৎ পান, সেটা ভাগ করে দিতে হয়। তবে তিন দিন ধরে লোডশেডিং কম হচ্ছে।