বৃষ্টি আধা ঘণ্টার, ভোগান্তি কয়েক দিনের

মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতেই বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারের কাছে মোকামতলা-সোনাতলা সড়ক পানিতে তলিয়ে যায়। বৃষ্টি একসময় থামলেও এই পানি আর নামে না। সড়কটি থেকে ওই পানি নামতে লেগে যায় কমপক্ষে দুই দিন। এতে সড়কটি দিয়ে চলাচলে ভোগান্তিতে পড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী।
সরেজমিনে গত সোমবার বিকেলে দেখা যায়, সড়কটি কোমরপানিতে ডুবে আছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মাত্র আধা ঘণ্টা বৃষ্টির পর এ জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে নর্দমা উপচে গিয়ে সড়ক ডুবিয়ে দিয়েছে। সড়কের এ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা।
স্থানীয় সাত-আটজন ব্যবসায়ীর অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও সময়মতো নালার ময়লা অপসারণ না করায় সামান্য বৃষ্টি হলেই বাজারের নর্দমাগুলো ভরে যায়। আর নর্দমার নোংরা-দুর্গন্ধযুক্ত পানির সঙ্গে বৃষ্টির পানি মিশে সড়কে জলাবদ্ধতার তৈরি হয়। এতে মোকামতলা বাজারের কাছে প্রায় ৪০০ ফুট সড়ক এখন মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী এ দুর্ভোগ থেকে পরিত্রাণের আশায় বিভিন্ন জায়গায় ধরনা দিলেও সমস্যার কোনো সমাধান হয়নি।
ব্যবসায়ী আতাউর রহমান বলেন, পানিনিষ্কাশনের যে ড্রেন রয়েছে, তা একেবারেই সরু। তার ওপর আবার নিয়মিত পরিষ্কার না করায় ময়লা জমে সেগুলো ভরে গেছে। তাই বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই ড্রেন উপচে পানি সড়কে চলে আসে। আর সে পানি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে যায়। নিরুপায় হয়ে তখন বিক্রিবাট্টা বন্ধ করে দিতে হয়।
কাঁচামাল ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, ‘মিচ্চিএনা (অল্প একটু) বিষ্টি হলিই আর হামরা দোকান হতে ব্যার হবার পারিন্যা। দোকানের সামনের আস্তা দিয়া চলব্যার পারিন্যা। ছোলপোলরা ইশকুল-কলেজোত যায় কাপড়-জামা ভিজ্যা। বিষ্টির পানি আর লালা-নর্দমার ময়লা-গন্ধ পানি দোকানের মদ্যে ঢুক্যা পড়ে। তখন হামাকেরে ব্যবসাপাতি ছিঁকায় ওঠে।’
কাপড় ব্যবসায়ী আসলাম আলী বলেন, বৃষ্টির সময় বিক্রি একবারেই থাকে না। কারণ, এ সময় মানুষ ছাতা নিয়ে ঘর থেকে বের হতে পারলেও সড়কে জমে থাকা পানির কারণে কেউ বাজারে আসতে চায় না।
মোকামতলা উচ্চবিদ্যালয়ের ছাত্র আরাফাত রহমান জানায়, এই সড়ক দিয়ে মোকামতলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক ছাত্রছাত্রী যাতায়াত করে। বৃষ্টি হলে তাদের চলাচলে চরম বিপদে পড়তে হয়।
ব্যবসায়ী ফজলার রহমান বলেন, ‘এ এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রধান এলাকার এমন বিশ্রি অবস্থা হয়ে থাকলেও বিষয়টি নিয়ে মাথা ঘামানোর যেন কেউ নেই। কবে যে আমরা এই নরকযন্ত্রণা থেকে মুক্তি পাব, তার কোনো উত্তরও কেউ দিতে পারছেন না।’
অভিরামপুর মাদ্রাসার সভাপতি আপেল মাহমুদ বলেন, বড় কষ্টে আছেন এলাকাবাসী, বিশেষ করে ব্যবসায়ীরা। জরুরি ভিত্তিতে ওই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা হলে আর সামান্য পরিমাণ এ সড়কটি একটু সংস্কার করলে চরম দুর্ভোগ থেকে রেহাই পেতে পারেন অনেক মানুষ। যাত্রীদের চলাচলেও বিড়ম্বনা থাকে না।
মোকাতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মারুফ রহমান বলেন, ‘মোকামতলা বাজারের ওই সড়কটির বেহাল দশার কারণে এলাকার শ্রীহানি ঘটছে। সেখানে ড্রেনেজ ব্যবস্থা করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা ইউনিয়ন পরিষদের ব্যয় করা সম্ভব নয়। বিষয়টি যাতে দ্রুত সুরাহা হয় সে জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’