বৃষ্টি আর গানের সুরে সিক্ত আনন্দযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নন্দন পার্কে অনুষ্ঠিত সংবর্ধনা আয়োজনে গতকাল দিনভর এমন হইচই আর আনন্দ-উল্লাসে মেতেছিল এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ঢাকার কৃতী শিক্ষার্থীরা । ছবি: প্রথম আলো
নন্দন পার্কে অনুষ্ঠিত সংবর্ধনা আয়োজনে গতকাল দিনভর এমন হইচই আর আনন্দ-উল্লাসে মেতেছিল এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ঢাকার কৃতী শিক্ষার্থীরা । ছবি: প্রথম আলো

এই শুক্তি, অনেক দিন পর, তাই না। কেমন আছিস?’ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে জান্নাতুন তাজরিন শুক্তির সঙ্গে দেখা হলো রাবেয়া খাতুনের গতকাল শনিবার সকালে নন্দন পার্কের রোলার কোস্টারের সামনে।

শুক্তি রোলার কোস্টারে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। তার মা নূরুননাহার খন্দকার বসে ছিলেন পাশেই এক ছাউনির নিচে। রাবেয়া ও শুক্তি একসঙ্গেই পড়ত টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগে। তারা দুজনেই এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। এরপর শুক্তি ভর্তি হয়েছে ঢাকায় হলিক্রস কলেজে, রাবেয়া ওই একাডেমিতেই আছে। দুজনের আর দেখা হয় না আগের মতো। অনেক দিন পর গতকাল তাদের দেখা হয়ে গেল নন্দন পার্কে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনায়। এই আনন্দযজ্ঞ ওদের মতো অনেকের পুনর্মিলনীর উপলক্ষ হয়ে উঠেছিল।

প্রথম আলোর আয়োজনে এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার শেষ অনুষ্ঠানটি ছিল গতকাল নন্দনে। সংবর্ধনা দেওয়া হলো ঢাকা ও গাজীপুর জেলার ছয় হাজার ৮০০ শিক্ষার্থীকে। আগের দিন এখানে ঢাকা মহানগরের সাত হাজার ৩০০ জনকে সংবর্ধনা দেওয়া হয়।

এ বছর সারা দেশে ৭০টি অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ৮৫ হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হলো। গত ২০ আগস্ট শুরু হয়েছিল এই কার্যক্রম, শেষ হলো গতকাল। এই অনুষ্ঠানে সহযোগিতা দিয়েছে নন্দন পার্ক ও প্রথম আলো বন্ধুসভা। প্রচার-সহযোগী ছিল চ্যানেল আই, এবিসি রেডিও এবং ঢ়ৎড়ঃযড়স-ধষড়.পড়স।

শরৎ চলে যাচ্ছে, কিন্তু বৃষ্টি যাচ্ছে না। গতকালও বৃষ্টি শুরু হয়েছিল সকাল থেকেই। তাতে কি আর আনন্দ-উৎসব আটকে থাকে? বৃষ্টি মাথায় নিয়েই সাতসকালে নন্দন পার্কের উদ্দেশে কৃতী শিক্ষার্থীরা রওনা দিয়েছিল আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে থেকে। ১০টা নাগাদ বৃষ্টি অবশ্য ছেড়ে গিয়েছিল, তবে নন্দনের মাঠ কাদা-পানিতে সয়লাব। তার ভেতরেই দল বেঁধে ঘোরা, রাইডার আর সিমকার্ড, সনদ ও ক্রেস্ট সংগ্রহের জন্য বুথের সামনে লাইন দেওয়া, গানের সঙ্গে নাচ আর নাচতে গিয়ে কারও কারও কাদায় পিছলে পড়া—এভাবেই কেটেছে দিন।

এবার প্রত্যেক কৃতী শিক্ষার্থীকে প্রথম আলোর দেওয়া সনদ ও ক্রেস্টের সঙ্গে টেলিটক উপহার দিয়েছে একটি বিশেষ নম্বরের থ্রিজি সিমকার্ড। এই সিমকার্ডের বিশেষত্ব হলো, এর নম্বর শুরু হবে ০১৫২ দিয়ে, এরপর ১৩ এবং তারপর পাঁচটি সংখ্যা। এই ১৩ হলো ২০১৩-এর নির্দেশক। একই সঙ্গে এ সংখ্যাটি এটিও নির্দেশ করবে যে এই নম্বর ব্যবহারকারী ২০১৩ সালে জিপিএ-৫ পেয়েছিল। কারণ, এই ক্রমিকের কার্ড বাণিজ্যিকভাবে বিক্রি হবে না। এর ‘কলরেটও’ হবে বর্তমানে প্রচলিত সব মুঠোফোনের কলরেটের চেয়ে তুলনায় কম এবং থাকবে বেশ কিছু সুবিধা।

সংবর্ধনা অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেন, এখন থেকে প্রতিবছর কৃতী শিক্ষার্থীদের এই উপহার দেওয়া হবে। তিনি দেশের কৃতী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে এই আয়োজনের জন্য প্রথম আলোকে অভিনন্দন জানান। মন্ত্রী বলেন, ‘প্রত্যেক মানুষেরই মনে ভালো কিছু করার আশা থাকে। তোমরা জীবনের শুরুতেই ভালো ফল করেছ। সেই সঙ্গে তোমাদের দায়িত্বও বেড়ে গেল। বঙ্গবন্ধুর নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। এখন তোমরা দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

নন্দন পার্কে গতকাল জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন । ছবি: প্রথম আলো
নন্দন পার্কে গতকাল জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন । ছবি: প্রথম আলো

নন্দনের বিশাল মঞ্চে অনুষ্ঠান শুরু হয়েছিল বেলা একটার দিকে। প্রথম আলো বন্ধুসভার জাতীয় কমিটির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান কৃতী শিক্ষার্থীদের অভিবাদন জানালেন ‘কাদামাখা নন্দন, তোমাদের অভিনন্দন’ এই বলে। এ পর্বের গানের শিল্পী কৃতী শিক্ষার্থীরাই। দু-চার লাইন করে গান শোনাল অনেকেই। পরে মূল অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব নিয়ে মঞ্চে এসে প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন তাদের বললেন, ‘টেলিটকের সহায়তা নিয়ে এই আয়োজন প্রথম আলোর। তবে আনন্দের উপলক্ষ তোমরাই। কাজেই প্রথমেই নিজেদের জন্য একটি হাততালি হয়ে যাক।’ নিমিষে মুখর হয়ে উঠল মাঠ। এরপর ক্লোজআপ তারকা পুলক শোনালেন ‘গ্রামের নওজোয়ান’সহ বেশ কিছু জনপ্রিয় গান। কিশোর পরিবেশন করলেন ‘ভালোবাসি তোমাকে’ ও ‘বেশ বেশ বেশ শাবাশ বাংলাদেশ’। এরপর গল্পে গল্পে কৃতী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে মঞ্চে আসেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, ‘তোমরা আলোকিত হলেই দেশ আলোকিত হবে। পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে বাংলাদেশ।’ তিনি মুক্তিযোদ্ধা আজাদ ও তাঁর মায়ের গল্প শোনান। শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার অঙ্গীকার করান।
গল্পের পর আবার গান। চ্যানেল আই সেরা কণ্ঠ বিজয়ী কোনাল গেয়ে শোনান ‘শ্রাবণের মেঘগুলো’ এবং ‘সোনা বন্ধু তুই আমারে’ গান দুটি। ন্যান্সি শোনালেন ‘পৃথিবীর যত সুখ’ ও ‘আমি তোমার মনের ভেতর’। এরপর দলছুটের নাম ঘোষণা করতেই মাঠ উল্লাসে উদ্বেল। বাপ্পা মজুমদার গাইলেন, সঙ্গে ওদেরও গাওয়ালেন ‘দিন বাড়ি যায়’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘আজ তোমার মন খারাপ মেয়ে’ গানগুলো।

গানের ফাঁকে ফাঁকে ছিল কথামালা। মন্ত্রী সাহারা খাতুন, সাংসদ তারানা হালিম, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও নন্দনের পরিচালক এনামুল হক চৌধুরীকে নিয়ে মঞ্চে এলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে সাজ্জাদ শরিফ বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে থাকতে হলে তোমাদের সঙ্গেই থাকতে হবে। কারণ, তোমরাই হবে দেশের ভবিষ্যৎ নির্মাতা।’

তারানা হালিম শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা ভালো শিক্ষার্থীরা যেমন চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, অধ্যাপক—এসব হওয়ার স্বপ্ন দেখো, তেমনি ভালো রাজনীতিক হওয়ারও স্বপ্ন দেখতে হবে। কারণ, দেশের রাজনীতিকেও ভালো করে তুলতে হবে। সে জন্য তোমাদের মতো মেধাবীদেরও রাজনীতিতে আসতে হবে।’

মুজিবুর রহমান শিক্ষার্থীদের লোভ, অন্যায় ও অসত্যের সামনে মাথানত না করে ভালো মানুষ হওয়ার সাধনা করার অনুপ্রেরণা দেন।

গানের তখনো বাকি ছিল আরও। আনন্দযজ্ঞের শেষটায় ছিল মাইলসের মন মাতানো পরিবেশনা। আনন্দে, বৃষ্টিতে ও কাদায় মাখামাখি হয়ে আগামী দিনের এক স্মরণীয় স্মৃতি নিয়ে ফিরল কৃতীরা।