বৃষ্টি আর জলজটের পুরোনো ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুষলধারে বৃষ্টির পর গতকাল দুপুরে ফার্মগেট এলাকায় বাসের জন্য যাত্রীদের অপেক্ষা l ছবি: প্রথম আলো
মুষলধারে বৃষ্টির পর গতকাল দুপুরে ফার্মগেট এলাকায় বাসের জন্য যাত্রীদের অপেক্ষা l ছবি: প্রথম আলো

১০ মিলিমিটার বৃষ্টিতেই গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। কিছু এলাকার রাস্তায় দুপুরের বৃষ্টির পানি জমে থাকতে দেখা যায় সন্ধ্যায়ও। বৃষ্টি আর জলজটে নগরবাসীকে যথারীতি পড়তে হয় অনাকাঙ্ক্ষিত দুর্ভোগে।
গত দুই দিনের বেশির ভাগ সময়জুড়ে রাজধানী ছিল মেঘমেদুর। বৃষ্টি হয়েছে কখনো মুষলধারে, কখনো গুঁড়ি গুঁড়ি। গত শুক্রবার অফিস ও স্কুল-কলেজ বন্ধ থাকায় নগরবাসীর দুর্ভোগ কম হলেও গতকাল অনেক স্থানেই মানুষের দুর্ভোগ ছিল দুঃসহ।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী গতকাল দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ১০ মিলিমিটার। এই বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে যায়। শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২৬ মিলিমিটার। আগের দিনের জমে থাকা বৃষ্টির পানির সঙ্গে যোগ হয় গতকালের বৃষ্টি।
গতকাল সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও মুষলধারে বৃষ্টি নামে দুপুর ১২টার দিকে। টানা প্রায় আধা ঘণ্টা বৃষ্টির সময় রিকশা ও অটোরিকশার ভাড়া বেড়ে যায়। আর কে মিশন রোডের ইত্তেফাক মোড়ে দাঁড়িয়ে রিকশা খুঁজছিলেন আবদুল হক নামের এক ব্যক্তি। কিন্তু কোনো রিকশাই যাবে না। আবদুল হক বলেন, ছেলে মতিঝিল মডেল স্কুলে পড়ে। ছুটির সময় হয়ে গেছে। এখন যে দামই হাঁকা হোক, তাঁকে পৌঁছাতেই হবে। পরে দ্বিগুণ দাম দিয়ে এক রিকশাচালককে তিনি রাজি করাতে পারলেন।
বসুন্ধরা আবাসিক এলাকায় যাবেন সুমন চৌধুরী ও তাঁর স্ত্রী। তিনটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল।মিটারে কেউ যাবেন না। তিনজনই বললেন, মিটার নষ্ট। পরে চালকের চাহিদার ভাড়াতেই উঠে পড়তে বাধ্য হলেন তাঁরা।
বৃষ্টির পর যথারীতি রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দিল জলজট। মিরপুর ১০ নম্বর গোলচত্বরের আশপাশের এলাকা, কাজীপাড়া, কালশী এলাকায় অল্প বৃষ্টিতেও পানি জমে। গতকালও তা-ই হয়েছে বলে জানা গেছে। দুপুরের পর আর বৃষ্টি নামেনি। কিন্তু বিকেল পাঁচটার দিকেও শান্তিনগর মোড় এলাকায় বিশেষ করে যমুনা ব্যাংকের সামনে রাস্তায় প্রায় দেড় ফুট পানি জমে থাকতে দেখা যায়। এর সঙ্গে যানজট। রাজারবাগ, আরামবাগ, ফকিরেরপুল, নয়াপল্টন এলাকায়ও গতকাল জলজট দেখা যায়।

মালিবাগ মোড় থেকে মৌচাক মার্কেট ছাড়িয়ে মগবাজার যাওয়ার সড়ক ছিল জলমগ্ন। উড়ালসড়ক নির্মাণকাজের জন্য সড়কের বিভিন্ন অংশ এখনো বিধ্বস্ত। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মৌচাক মোড় থেকে রামপুরার দিকে যাওয়ার রাস্তায় ছিল প্রচণ্ড যানজট।

বৃষ্টি, জলজট আর যানজটের ভোগান্তি ছিল পুরান ঢাকার বকশীবাজার, রায়েরবাজারসহ আশপাশের এলাকায়ও। দোলাইরপাড় থেকে দনিয়া যাওয়ার সড়কের একটি অংশ বেশ কিছুদিন ধরেই জলমগ্ন। গত দুই দিনের বৃষ্টি এই এলাকার মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে।

জলজটের কারণে আরামবাগ, নয়াপল্টন, শান্তিনগর, মৌচাক এলাকায় অটোরিকশাসহ বেশ কিছু যানবাহনের সাইলেন্সারে পানি ঢুকে পড়ায় সেগুলো বন্ধ হয়ে যায়। পরে ঠেলতে ঠেলতে সেগুলোকে সরিয়ে নিতে দেখা যায় চালকদের।

ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগ থেকে বলা হয়, পানিনিষ্কাশনের জন্য তাদের কর্মীদের রাস্তায় নামানো হয়। বেশ কয়েকটি ম্যানহোলের ঢাকনাও খুলে দেওয়া হয়।