বৃষ্টি আর ধূলিঝড়ে নগরবাসীর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ মিনিট আগেও ছিল রোদ। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি কোচিং সেন্টার থেকে ছেলে রনবীরকে নিয়ে বেরিয়েছেন তার মা। সঙ্গে অন্য শিক্ষার্থী ও অভিভাবক। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। পরপরই ঝোড়ো হাওয়া। ধূলিঝড়। চোখেমুখে বালু ঢুকে গেল সবার।
কোনো রিকশাই যাবে না। দ্বিগুণ ভাড়া দিয়ে রনবীরকে নিয়ে গন্তব্যে পৌঁছার আগেই ভিজে একশেষ সে ও তার মা। গতকাল শনিবার বেলা পৌনে ১১টার দিকে কালবৈশাখী ও ধূলিঝড়ের এমন রূপ রাজধানীর অনেকেই প্রত্যক্ষ করেছেন। সহ্য করতে হয়েছে চরম দুর্ভোগ।
এই দুর্ভোগের সাক্ষী ছিলেন গতকাল ভারতীয় হাইকমিশনে ভিসার আবেদন নিয়ে যাঁরা বারিধারার কার্যালয়ের সামনে সারিতে দাঁড়িয়ে ছিলেন। ভোররাত থেকে নারী-পুরুষ ভিড় করেন সেখানে। ঝড়ের আগে সেখানে পুরুষদের দুটি এবং নারীদের একটি সারি ছিল। কার্যালয় থেকে বিভিন্ন অলিগলি ধরে প্রায় আধা কিলোমিটার পথ অতিক্রম করেছিল এসব সারি। ঝড় শুরু হলে ধুলাবালু ভরে যায় তাঁদেরও চোখেমুখে। সুমন মজুমদার নামের এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, সেখানে ছোট ছোট তাঁবু খাটানো হয়েছিল বলে কিছুটা রক্ষা। তাঁবুতে আশ্রয় নেওয়ায় বৃষ্টিতে ভিজতে হয়নি অনেককে। ঝড়ে গতকাল ঢাকায় গাছ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। সোহরাওয়ার্দী উদ্যানে গাছের বড় বড় ডাল ভেঙে পড়ে থাকতে দেখা যায়।
তবে গতকালের বৃষ্টি ছিল স্বস্তিরও। ঢাকায় টানা দুদিন চলছিল ভ্যাপসা গরম। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে সেই গরমের অস্বস্তি কিছুটা দূর হয়। গতকাল সকালের ওই বৃষ্টি পরিমাণ ছিল ৩৭ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, এই কালবৈশাখীর আগের দুদিন তাপমাত্রা ছিল বেশি। ৯ জুন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার তা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, গতকাল ঝড়বৃষ্টি না হলে তাপমাত্রা ও গরম আরও বাড়ত। ঢাকা নগরীতে স্বস্তি স্থায়ী হয় না। গতকালের বৃষ্টিতেও হয়নি। বৃষ্টির পর যথারীতি বৃহত্তর মিরপুরসহ রাজধানীর কিছু স্থানে জলাবদ্ধতা হয়। দুপুর ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ব্যাপক জলাবদ্ধতা হয় বলে সেখানকার বাসিন্দারা জানান। ওই সময়ে সেখানকার শাহ আলী মার্কেট ও বারান্দায় আশ্রয় নেন শত শত মানুষ। পার্শ্ববর্তী কাজীপাড়ায়ও পানি জমে যায়। কালশী এলাকায় অল্প বৃষ্টিতেও পানি জমে। গতকাল ৩৭ মিলিমিটার বৃষ্টিতে কালশীর অনেক রাস্তাঘাট ডুবে যায়।
মিরপুর ১৩ নম্বর সেকশনের অনেক এলাকা, প্রগতি সরণি, শাহজাদপুর, উত্তর বাড্ডা এলাকায়ও পানি জমে। এতে প্রচণ্ড যানজটেরও সৃষ্টি হয়। শাহজাদপুরে মেরামত চলতে থাকা রাস্তায় পানি জমে থাকায় সেখানে গাড়ি উল্টে পড়ার ঘটনাও ঘটে।
মধ্য ঢাকায় কম বৃষ্টি হওয়ায় গতকাল শান্তিনগর, রাজারবাগ এলাকায় জলাবদ্ধতা স্থায়ী হয়নি। তবে মালিবাগ মোড়-মৌচাক এলাকা ছিল চরম দুর্ভোগের উৎস। সকালে বৃষ্টির পর বিকেলেও তার জের ছিল সেখানে। বেলা সাড়ে তিনটার দিকে এলাকায় গিয়ে দেখা যায়, খানাখন্দে ভরা জলমগ্ন সড়ক দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সিএনজিচালিত অটোরিকশাসহ বেশ কিছু যানবাহনের সাইলেন্সারে পানি ঢুকে পড়ায় সেগুলো বন্ধ হয়ে যায়। পরে ঠেলতে ঠেলতে সেগুলোকে সরিয়ে নিতে দেখা যায় চালকদের।