বৃষ্টি আর যানজটে দুর্ভোগে নগরবাসী

গতকাল শনিবার ছুটির দিনে অনেকেই বেরিয়ে পড়েছিলেন ঈদের কেনাকাটায়। কিন্তু বাদ সাধে বৃষ্টি। বৃষ্টি ছাড়াও বিপণিবিতানগুলোর আশপাশের এলাকায় যানজটের ভোগান্তি সইতে হয় ক্রেতাসহ নগরবাসীর অনেককে। নিম্নচাপের কারণে সৃষ্ট এ বৃষ্টি থেমে থেমে প্রায় সারা দিনই ছিল।গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কিছু বিরতি দিয়ে দিনভরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকায় ছয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে টেকনাফে ৬৮ মিলিমিটার। আবহাওয়াবিদ বজলুর রশী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি স্থলভাগে উঠে এসেছে। লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী দু-এক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
দুর্ভোগ: গতকাল নগরে, বিশেষ করে বিপণিবিতানগুলোর চারপাশের রাস্তায় প্রাইভেট গাড়ির ভিড়ে দিনভরই রাস্তাঘাট ছিল এক রকম স্থবির। বিকেলে সার্ক ফোয়ারা থেকে পান্থপথ পর্যন্ত তীব্র যানজট সম্পর্কে দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশ বলেন, যানজটের অনেকগুলো কারণের মধ্যে প্রধান একটি হচ্ছে ছুটির দিনে অতিরিক্ত প্রাইভেট গাড়ি বের হওয়া।