
বুধবার বিকেল চারটা। জহুর হকার্স মার্কেটের প্রবেশপথের গলি দিয়ে ঢোকার উপায় নেই। এরপরও পছন্দের পোশাক কিনতে ভিড় ঠেলে এই মার্কেটে ঢুকছেন ক্রেতারা। বৃষ্টির কারণে রোজার বেশির ভাগ সময় বিপণিকেন্দ্রগুলোতে যেতে পারেননি ক্রেতারা। তবে ঈদ ঘনিয়ে আসায় এখন বৃষ্টি উপেক্ষা করেই কেনাকাটা করছেন ক্রেতারা।
সুলভ দামে পোশাক পাওয়া যায় বলে স্বল্পবিত্ত মানুষের প্রথম পছন্দ পৌর জহুর হকার্স মার্কেট। গতকাল বিকেলে এখানে কেনাকাটা করতে আসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মোহাম্মদ মুনীর। তিনি প্রথম আলোকে বলেন, ভিড় বেশি হলেও সহনীয় দামে ভালো পোশাক পাব বলে এসেছি। পোশাকের মান বিচার করতে পারলে এখানে কেউ ঠকবে না।
ভিড় এড়িয়ে জহুর হকার্স মার্কেটের ‘শপ ২৪’ দোকানে গিয়ে দেখা যায়, ক্রেতাদের ভিড়। ক্রেতাদের কেউ দরদামে ব্যস্ত। কর্মীরা দরদামের পাশাপাশি ক্রেতাদের পোশাক দেখাতে ব্যস্ত। বিক্রেতারা তাঁদের দোকানে সব পোশাকই রপ্তানিযোগ্য বলে দাবি করছিলেন।
দোকানের ব্যবস্থাপক জিয়াউল হোসেন ব্যস্ততার ফাঁকেই প্রথম আলোকে বলেন, এবার রোজার বেশির ভাগ সময় বৃষ্টির কবলে পড়েছে। বৃষ্টি না হলে ক্রেতাদের ভিড় বেশি থাকে। বৃষ্টি হলে আবার কমে যায়। তবে গত কয়েক দিন ক্রেতাদের ভিড় বেড়েছে। আগের তুলনায় বিক্রিও বেড়েছে।
হকার্স মার্কেটের মতো রেয়াজউদ্দিন বাজারেও ক্রেতার ভিড় ছিল গতকাল। এই বাজারের তামাকুমণ্ডি লেনে ঘিঞ্জি গলিতে ক্রেতা সমাগম ছিল প্রচুর।
তামাকুমণ্ডি লেনে গতকাল জুতা কেনার দরদাম করছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র জায়েদ মাহমুদ। তিনি বলেন, এখানে দরদাম করতে পারলে পাইকারি দামের কাছাকাছি মূল্যে পণ্য কেনা যায়। এই মার্কেটের বিক্রেতা মোহাম্মদ বেলাল প্রথম আলোকে বলেন, রেয়াজউদ্দিন বাজারে জুতা, পোশাক, ইলেকট্রনিকস, গৃহস্থালি পণ্য থেকে শুরু করে সব ধরনের পণ্য বেচাকেনার ১০ হাজার দোকান রয়েছে। বছরজুড়ে এখানে ভালো বেচাকেনা হলেও ঈদের সময় মধ্যরাত পর্যন্ত বিক্রি চলে। শুরুর দিকে পাইকারি বেচাকেনা বেশি হলেও এখন শেষ মুহূর্তে খুচরা বিক্রি বেশি হচ্ছে।
এ দুটির মতো চট্টগ্রামের সব বিপণিকেন্দ্রে এখন উপচে পড়া ভিড়। গত মঙ্গলবার রাতে ও গতকাল বিকেলে নগরের বিপণিবিতান, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, সানমার ওশান সিটি, শপিং কমপ্লেক্স, সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটসহ নগরের ৫৫টি বিপণি কেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল বলে জানিয়েছেন বিপণিকেন্দ্রগুলোর বণিক সমিতির নেতারা।
বণিক সমিতির নেতারা জানান, বৃহস্পতিবার শবে কদর উপলক্ষে রাত ১১টায় বিপণিকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে। শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হবে। ফলে যাঁরা গ্রামের বাড়িতে ঈদ উদ্যাপন করবেন তাঁদের হাতে সময় নেই। তাঁরা এখন শেষ মুহূর্তের কেনাকাটা করছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম বলেন, রোজার প্রথম তিন সপ্তাহে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিপণিবিতানগুলোতে বেচাকেনা গতবারের তুলনায় কম ছিল। তবে এখন কেনাকাটা বেড়েছে। গভীর রাত পর্যন্ত সবকটি বিপণিকেন্দ্রে ক্রেতার আনাগোনা চলছে।