
রাজধানীতে গতকাল সোমবার ছিল দিনভর বৃষ্টি। এই বৃষ্টি উপেক্ষা করে অনেকেই ঈদের অগ্রিম টিকিটের জন্য লাইন ধরতে দেখা যায়। কমলাপুর রেলস্টেশনে ভোর থেকে ছিল দীর্ঘ সারি। বাস টার্মিনাল ও বিভিন্ন বাস কোম্পানির কাউন্টারের সামনেও ভিড় দেখা যায়। ভিড় থাকলেও কমলাপুর থেকে কাউকে খালি হাতে ফিরতে হয়নি, সবাই টিকিট পেয়েছেন। তবে বাস কাউন্টারের কোথাও কোথাও ‘টিকিট নাই’ বলতে শোনা যায়।
২৬ জুন ঈদ ধরে নিয়ে ট্রেনে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল বিক্রি হওয়া টিকিট ছিল ২১ জুনের যাত্রার। আজ মঙ্গলবার বিক্রি হবে ২২ জুনের যাত্রার টিকিট। এভাবে পরপর তিন দিন ২৩, ২৪, ২৫ জুনের টিকিট বিক্রি হবে।
কমলাপুর স্টেশনে সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হয়। এর আগে থেকেই মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান কাউন্টারের সামনে। পুরুষদের কাউন্টারে ভিড় বেশি ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে আসে। নারী ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ কাউন্টারে খুব বেশি ভিড় ছিল না। নারীরা এসেই টিকিট কিনেছেন। টিকিট হাতে পেয়ে কেউ কেউ একগাল হেসে জানিয়েছেন ঈদের অগ্রিম আনন্দ।
রামপুরা নিবাসী স্কুলশিক্ষক আলপনা খাতুন ঈদে জামালপুরে গ্রামের বাড়িতে যাবেন। চাহিদা অনুযায়ী চারটি টিকিট পেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এইমাত্র এলাম, টিকিটও পেয়ে গেলাম। কোনো সিরিয়াল ধরতে হয়নি। কোনো ঝামেলাও হলো না।’
ঈদ উপলক্ষে সাধারণত আগে আগে যাত্রা করেন গৃহিণী, শিক্ষার্থী ও বৃদ্ধরা। কর্মজীবীরা যাত্রা করেন শেখ মুহূর্তে। ভোরে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘এবার একটু আগে বাড়ি যাব। সকাল থেকে লাইন-ভঙ্গ বা কোনো অনিয়ম চোখে পড়েনি। গতবারও ছিল না। তবে গত বছর টিকিট বিক্রির প্রথম দিনে আরও অনেক দীর্ঘ লাইন ছিল।’
কমলাপুর স্টেশন ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ঈদে প্রতিদিন ২২ হাজার ১২২টি অগ্রিম টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব কাজ করছে।
ট্রেনে সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হলেও বাসের ক্ষেত্রে এমন ধরাবাঁধা নিয়ম ছিল না। অধিকাংশ টিকিট কাউন্টার খোলা হয়েছে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই। বাসের অগ্রিম টিকিট যেকোনো দিনের কেনা যায়। টিকিট বিক্রেতারা জানিয়েছেন, ঈদ উপলক্ষে শেষ দুই দিনের টিকিটের চাহিদা একটু বেশি।
দিনভর বৃষ্টির কারণে বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়ে। কাদাপানিতে নাকাল হয়ে অনেকে আসেন টার্মিনালে, কাউন্টারে। অনেকেরই হাতে ছিল ছাতা, গায়ে রেইন কোট।
চাকরিজীবী নাজমা আক্তার টিকিট কাটতে লাইনে দাঁড়ান গাবতলী বালুর মাঠসংলগ্ন হানিফ পরিবহনের কাউন্টারে। তিনি বলেন, খুব ভোরে এসেছেন। দিনাজপুর যেতে ২৩ জুনের টিকিট চেয়েছিলেন। পেয়েছেন ২১ জুনের টিকিট। এখন তাঁকে এক দিন ছুটি নিতে হবে।
দুই ভাই আজিজুল ইসলাম ও তাজুল ইসলাম। ভোর পাঁচটার দিকে তাঁরা গাবতলী এসেছেন। তাঁদের চাহিদা জয়পুরহাটে ২২ জুন যাওয়ার টিকিট। আজিজুল বলেন, তাঁরা রাতের টিকিট চেয়ে দিনের টিকিট পেয়েছেন। তাও ২০০ টাকা বেশি গুনতে হয়েছে।
গাবতলীর নাবিল পরিবহনের কাউন্টারের সামনে কথা হয় আবদুল হালিমের সঙ্গে। তিনি বলেন, পথেই বৃষ্টিতে ভিজে গেছেন। রংপুর যাওয়ার টিকিট পেয়ে কষ্ট মনে নেই।
পরিবহন কাউন্টারের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তত ৩০ শতাংশ বা এরও বেশি টিকিট ভিআইপি বা পরিচিতদের অনুরোধে রেখে দেন পরিবহন মালিক-কর্মকর্তারা। নিয়মিত যাতায়াত করেন এমন অনেক পরিচিত যাত্রীকে বিশেষ খাতির করেন তাঁরা। সাধারণ যাত্রীদের জন্য আগে এলে আগে পাবেন—এই পদ্ধতিতে টিকিট বিক্রি করা হয়। এ ছাড়া অল্প কিছু বড় কোম্পানি অগ্রিম টিকিট বিক্রি করে থাকে। বাকিরা যাত্রার আগেই টিকিট বিক্রি করে।