বৃষ্টি উপেক্ষা করে নুহাশপল্লীতে হুমায়ূন ভক্তদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় কথাসাহিত্যক হ‌ুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বুধবার ১৯ জুলাই। সকাল থেকে হ‌ুমায়ূন পরিবার, তাঁর ভক্ত, কবি, লেখক আর নাট্যজনদের ভিড় নুহাশপল্লীর লিচুতলায়। ফুল দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছেন জনপ্রিয় এ লেখককে। দিনটি উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের খাবার বিতরণসহ দিনব্যাপী নানা আয়োজন চলছে।
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর মধ্যেই সকাল থেকে সেখানে আসছেন নন্দিত লেখক হ‌ুমায়ূন আহমেদের ভক্তরা। হলুদ পাঞ্জাবি পরা হিমু পরিবারের সদস্যরাও আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদনে লেখক, সাহিত্যিকসহ নানা শ্রেণিপেশার মানুষে নুহাশপল্লী এখন লোকারণ্য। দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালনে গত মঙ্গলবার মেহের আফরোজ শাওন তার দুই ছেলে সন্তান নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশপল্লীতে আসেন।
বেলা সাড়ে ১১টার দিকে শাওন তার দুই ছেলেকে নিয়ে হ‌ুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অনেক হ‌ুমায়ূনভক্ত, হিমু ও রূপার চরিত্র সেজে প্রিয় লেখকের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এতে যোগ দেন হ‌ুমায়ূনের দুই বোন ও অন্যান্য স্বজন।
হিমু পরিবহনে চড়ে আসেন হলুদ পাঞ্জাবি পরা হিমুরা। বিভিন্ন সাজে রূপাদের পদচারণে প্রাণ ফিরে পায় নুহাশপল্লী।
কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মেহের আফরোজ শাওন বলেন, ‘আমরা বিশেষ দিনে কেবল নয়, সারা বছর আমরা হ‌ুমায়ূনকে স্মরণ করি। আগামী ১৩ নভেম্বর হ‌ুমায়ূনের জম্মদিন থেকে নুহাশপল্লীতে হ‌ুমায়ূন স্মৃতি জাদুঘরের অংশবিশেষ চালু করা হবে।