বৃষ্টি উপেক্ষা করে নেতা-কর্মীদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

নরসিংদীর পৌর শিশুপার্ক মাঠে আজ রোববার বিকেলে ১৮-দলীয় জোটের জনসভায় বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ উপলক্ষে আজ সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে সভাস্থলে আসছেন নেতা-কর্মীরা।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে মহাসড়কে তৈরি করা হয়েছে শতাধিক তোরণ ও সহস্রাধিক বিলবোর্ড। আর জনসভা সফল করতে গঠিত হয়েছে নয়টি উপকমিটি। এই কমিটিগুলো নিজেদের সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য দেখাতে কাজ করে যাচ্ছে। পৌর শিশুপার্কসহ আশপাশের এলাকা নতুনরূপে সাজিয়েছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সকাল ১০টার দিকে বাসাইল পৌর শিশুপার্ক এলাকায় গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টি উপেক্ষা করে সকাল সাতটা থেকে বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা সভাবেশস্থলে আসা শুরু করেন।   সকাল নয়টার মধ্যেই সমাবেশস্থলের মাঠ কানায় কানায় ভরে যায়। তবে জনসভাস্থল ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়কে যাতায়াতকারীদের। সকাল নয়টা থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ব্যক্তিগত গাড়ি, পিকআপ ভ্যান, রিকশা, মোটরসাইকেল ছাড়া কিছুই চলাচল করছে না। কারণ, নেতা-কর্মীরা জনসভাস্থলের অনেক আগেই নির্দিষ্ট স্থানে যানবাহন রেখে হেঁটে মিছিল নিয়ে সভাবেশস্থলে যোগ দিচ্ছেন।  

জনসভাস্থলে দলীয় নেতা-কর্মীরা জানান, নরসিংদীর জনসভাটি এমন একটি জনসভা হবে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য হবে।

জনসভার প্রধান সমন্বয়কারী বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলো ডটকমকে বলেন, দুপুর ১২টা থেকে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। খালেদা জিয়া গাড়িবহর নিয়ে সরাসরি শহরের বাসাইল এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিরের বাসভবনে যাবেন। সেখানে দুপুরের খাবারের পর বিশ্রাম শেষে জনসভাস্থলে যাবেন। বিকেল চারটায় বক্তব্য দেবেন খালেদা জিয়া।

জনসভাকে কেন্দ্র করে সভাস্থল ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ও খালেদা জিয়ার বিশেষ নিরাপত্তা সদস্যরা। তাঁদের পাশাপাশি দলীয় প্রায় এক হাজার কর্মী স্বেচ্ছাসেবক হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

আবদুল্লাহ আল নোমান আরও বলেন, ‘আমরা ধারণা করেছিলাম কয়েক লাখ নেতা-কর্মী জনসভায় অংশ নেবেন। কিন্তু এখন পর্যন্ত যা দেখছি, মনে হচ্ছে জনসভাস্থলসহ আশপাশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হবে।’