বৃষ্টি উপেক্ষা করে প্রকৃতির টানে বন ও হাওরে
ঈদুল ফিতরের ছুটিতে হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে। এরপরও ঈদের আনন্দ উপভোগ করার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জ ও নিকলী উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে ছিল লোকজনের উপচে পড়া ভিড়। তাঁদের নিরাপত্তা দিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
বিভিন্ন এলাকার বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছরের মতো গত শনিবার ঈদের দিন কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর চা-বাগান, ত্রিপুরা সীমান্তবর্তী গভীর বনের হাম হাম জলপ্রপাত, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভ, গারো টিলা, খাসিয়াপুঞ্জি, চা-বাগানসহ প্রভৃতি দর্শনীয় স্থান ছিল পর্যটকদের পদচারণে মুখরিত। পাহাড়ের উঁচু-নিচু টিলায় মাগুরছড়া ও লাউয়াছড়া খাসিয়া আদিবাসী পল্লিতেও ছিল দল বেঁধে আসা পর্যটকের ভিড়।
এ সময় কথা হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিবার নিয়ে বেড়াতে আসা মানবজমিন-এর মফস্বল সম্পাদক নিয়াজ মাহমুদ, ঢাকার আহমেদ আতিক, সিলেটের নোমান আহমদের সঙ্গে। তাঁরা জানান, শহর জীবনের কর্মব্যস্ততায় কোথাও বেড়ানো যায় না। তাই ঈদের ছুটিতে বনাঞ্চলের নিবিড় শান্ত সবুজ প্রকৃতির মাঝে সবাইকে নিয়ে বেড়াতে খুব ভালো লাগছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের ভিড় সামাল দিতে জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সব সদস্যই ব্যস্ত ছিলেন। লাউয়াছড়া বনবিট কর্মকর্তা (বন্যপ্রাণী) মনিরুল ইসলাম বলেন, সহব্যবস্থাপনা কমিটির সদস্যরা ছাড়াও পর্যটকদের নিরাপত্তায় সতর্ক টহলে ছিল পুলিশ ।
নিকলীর বেড়িবাঁধে প্রতিবছরের মতো এবারও ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। এখানকার খোলা বাতাস, পাখির কিচিরমিচির, সবুজ প্রকৃতি, দূর থেকে আছড়ে পড়া ঢেউ শহরের লোকজনকে মোহিত করছে। নিকলী সদরকে রক্ষায় ২০০০ সালে নির্মিত হয় পাঁচ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ। এ ছাড়া খান মোহাম্মদ উলু খানের মসজিদ, চন্দ্রনাথ গোস্বামীর আখড়া, নারায়ণ গোস্বামীর আখড়া, লাল গোস্বামীর আখড়া, চার শ বছরের পুরোনো বটবৃক্ষের নিচে কালী মন্দির, হাজি সাহেবের মাজার, মামুদ চাঁন ফকিরের মাজার, কানাই শাহ মাজার, সাহেব পীরের মাজার দেখার জন্য অনেকে এখানে আসেন । সামছুল হক, ননি গোপাল, রতন সাহা, উসমান গণি, কামরুল নামের পাঁচ ব্যবসায়ী জানান, সারা বছর ঢাকায় থাকেন। হাওরের এমন বিষমুক্ত বাতাস কোথায় পাওয়া যাবে? তাই বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ দুটি মাইক্রো নিয়ে বেড়াতে এসেছেন তাঁরা।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম গতকাল সোমবার সকালে জানান, ‘১০ বছর ধরে হাওরের এই
অঞ্চলে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অনেক পর্যটক আসেন। আইনশৃঙ্খলা রক্ষায় ঈদের দিন থেকে চার দিন এখানে ২৪ ঘণ্টা পুলিশ থাকবে।’
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম বলেন, ‘ঈদের দিন থেকে প্রতিদিন প্রায় ২০-২৫ হাজার লোকের সমাগম ঘটে। এত মানুষের ভিড় দেখে আমি অবাক হয়েছি। পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে বেড়িবাঁধে বিদ্যুতের ব্যবস্থা করার চিন্তা করছি।’