বৃষ্টি উপেক্ষা করে প্রচারণায় প্রার্থীরা
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারের আর মাত্র পাঁচ দিন বাকি। গতকাল শনিবার দিনভর বৃষ্টি প্রচারণায় ছন্দপতন ঘটালেও প্রার্থী ও সমর্থকদের থামাতে পারেনি। প্রার্থীরা চষে বেড়িয়েছেন নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত।আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. আজমত উল্লা খান ও বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল-সমর্থিত এম এ মান্নানের পক্ষে গতকালও জোটের কেন্দ্রীয় নেতারা প্রচারণায় অংশ নেন। তবে বৃষ্টির কারণে তাঁরা টঙ্গী বিসিক শিল্প এলাকা এবং গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন শিল্প-কারখানায় প্রচারণা চালান।এম এ মান্নান সকাল সাড়ে ১০টায় টঙ্গীর কলেজ গেট এলাকায় পথসভার মাধ্যমে প্রচারণা শুরু করেন। নেতা-কর্মীদের নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে আউচপাড়া, এরশাদ নগর, খাঁ পাড়া, গাজীপুরা এলাকায় বিভিন্ন পোশাক কারখানায় গিয়ে টেলিভিশন প্রতীকে ভোট চান।আজমত উল্লা প্রতিদিনের মতো টঙ্গী বাজারে অবস্থিত নিজ বাড়ি থেকে হেঁটে বের হন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে তিনি হেঁটে হেঁটে প্রতিবেশী ও স্থানীয় মুরব্বিদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বেলা ১১টায় গাজীপুরা এলাকায় পথসভা করেন। পথসভা শেষে তিনি জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে গাজীপুরা ও সাতাইশ এলাকার বিভিন্ন শিল্প-কারখানায় গিয়ে শ্রমিকদের কাছে দোয়াত-কলম প্রতীকে ভোট ও দোয়া চান। ৪ জুলাই পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ভোট নেওয়া হবে ৬ জুলাই।