বৃষ্টি উপেক্ষা করে প্রজাপতি মেলায় দর্শনার্থীদের ভিড়
মেঘলা আকাশ আর টিপটিপ বৃষ্টি উপেক্ষা করে গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা দেখতে আসেন নানা শ্রেণি-পেশার মানুষ। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলা হয়।
প্রতিবছরের মতো এবারও মেলার প্রতিপাদ্য ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’। এ নিয়ে সপ্তমবারের মতো এ মেলার আয়োজন করল বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।
সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে প্রজাপতি ও রঙিন বেলুন উড়িয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৃতি, মানুষ ও প্রজাপতি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। প্রজাপতির সৌন্দর্য মানুষের মনকে আন্দোলিত করে। আবার মানুষের বেঁচে থাকাতেও প্রজাপতির অবদান আছে। তাই প্রজাপতির বাসযোগ্য পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ এম ইসলাম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার।
উদ্বোধনের আগে উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। সেটি জহির রায়হান মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনার-সংলগ্ন সড়ক ঘুরে একই স্থানে ফিরে শেষ হয়। দর্শনার্থীরা জহির রায়হান মিলনায়তন, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র-সংলগ্ন প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র এবং বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখেন। মেলায় শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক চিত্রাঙ্কন, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি চেনা, প্রজাপতিবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ‘প্রজাপতি আমাদের সবারই ভালো লাগে। এর পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়ও এর অবদান অনেক। তাই প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টি করা এ মেলার অন্যতম প্রধান উদ্দেশ্য।’
এবারের মেলায় জীববৈচিত্র্য সংরক্ষণে সার্বিক অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এ ছাড়া প্রজাপতি সংরক্ষণে ভূমিকা রাখায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন খানকে ‘ইয়াং বাটারফ্লাই এনথুজিয়াস্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।