
সকাল থেকেই ছিল থেমে থেমে ঝোড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টি। কিন্তু এতে ভোটারদের উৎসাহ-উদ্দীপনায় কোনো ছেদ পড়েনি। ভোটাররা দল বেঁধে ভোট দিয়েছেন। বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়া গতকাল মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় প্রথমবারের নির্বাচন এ রকম শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সকাল আটটায় ভোট শুরুর পর খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, বৃষ্টির মধ্যেও ভোটারদের দীর্ঘ লাইন। এর মধ্যে আবার নারীদের উপস্থিতি ছিল বেশি। ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন নয়াগ্রাম গ্রামের বাসিন্দা ও একটি কলেজের খণ্ডকালীন শিক্ষক দাউদ আহমদ (৪৫)। তিনি জানান, দীর্ঘ ১৬ বছর পর প্রথমবারের মতো পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের আগ্রহ একটু বেশিই রয়েছে। নিজেদের প্রত্যাশিত উন্নয়নের জন্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী বাছাই করতে তাই সবাই ভোট দিচ্ছেন।
খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৮৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ১ হাজার ২১৭ এবং নারী ১ হাজার ১৬৬ জন। সকাল ১০টা ২২ মিনিটে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রনজিত কুমার জানান, এ পর্যন্ত সাতটি বুথে প্রায় ৫০০ জন ভোট দিয়েছেন। এ কেন্দ্রে দায়িত্বরত আওয়ামী লীগ প্রার্থীর পোলিং এজেন্ট মো. আবুল কালাম ও বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট মো. আবদুল জলিল জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন হয়েছে।
সকাল ১০টা ৪০ মিনিটে পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চবিদ্যালয়ে গিয়ে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। এ কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিয়েছেন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী গোলাম মোর্শেদ। তিনি বলেন, ‘আমরার পয়লা ভোট। আবার পৌরসভায়ও পয়লাবারের মতো ভোট অনুষ্ঠিত হচ্ছে। দুয়ে মিলে দারুণ অনুভূতি হচ্ছে।’ বেলা ১১টা ৫৫ মিনিটে নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েও নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।
ভোটারদের ব্যাপক উপস্থিতি প্রসঙ্গে খাসা গ্রামের আবদুল মুনেম, নুরজাহান বেগম ও মজির উদ্দিন জানান, দীর্ঘ সময় পর পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বৃষ্টি উপেক্ষা করেও ভোটাররা ভোট দিতে এসেছেন। বিয়ানীবাজারবাসী দীর্ঘদিন ধরেই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবিতে আন্দোলন-সংগ্রামসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন। শেষ পর্যন্ত নির্বাচন হওয়ায় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন।
নির্বাচন-সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা জানিয়েছেন, কসবা সরকারি আদর্শ বিদ্যালয় কেন্দ্রে দুজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে বেলা পৌনে তিনটার দিকে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত ছিল। এরপর পরিস্থিতি শান্ত হলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। তবে গোলযোগের সময় এ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা জাল ভোট দিয়েছেন বলে কয়েকজন মেয়র প্রার্থী অভিযোগ করেন। এই অবস্থায় কেন্দ্রটির ভোটগণনা স্থগিত রাখা হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল হোসেন নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
জানা গেছে, ২০০১ সালে ১৮ দশমিক ১৭ বর্গকিলোমিটার আয়তনের বিয়ানীবাজার পৌরসভা গঠিত হলেও নানা আইনি জটিলতায় এত দিন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর কিছুদিন আগে উচ্চ আদালতের নির্দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী গতকাল ভোট গ্রহণ করা হয়।