বৃষ্টি উপেক্ষা করে মহিউদ্দিনের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী গতকাল সোমবার বৃষ্টি উপেক্ষা করে নগরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। এসব পথসভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, বিএনপি বুঝে গেছে ভোট জালিয়াতি করে আর তাদের পক্ষে নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয়। তারা আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এ কারণেই দলের হোমড়া-চোমড়াদের মনোনয়ন না দিয়ে অন্য জায়গা থেকে টেনে এনে মেয়র প্রার্থী করেছে। তিনি জনগণের প্রতিনিধি হয়ে নগরের উন্নয়নের জন্য কাজ করতে সবার রায় প্রত্যাশা করেন। লালখান বাজার ওয়ার্ড নাগরিক কমিটি আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের নেতা বদিউল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রয়াত শ্রমিকনেতা রহমত উল্লাহ চৌধুরীর স্ত্রী মরিয়ম বেগম, ছিদ্দিক আহমেদ প্রমুখ। সকাল থেকে মহিউদ্দিন চৌধুরী আতুরার ডিপো, লালখান বাজার, পূর্ব বাকলিয়া, খাতুনগঞ্জ, পাথরঘাটা, আন্দরকিল্লা এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি আওয়ামী লীগ ও নাগরিক কমিটির কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন। মহিউদ্দিন চৌধুরীর পাশাপাশি আওয়ামী লীগ ও নাগরিক কমিটির নেতারাও বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী জানান, গতকাল আওয়ামী লীগ ও নাগরিক কমিটির নেতারা বন্দর এলাকায় নির্বাচনী প্রচার চালান। রাতে দক্ষিণ বাকলিয়ায় যুবলীগ সভা করে।