বৃষ্টি এলেই টেবিলে পলিথিন!

আকাশে মেঘ দেখলেই দাপ্তরিক কাজ বন্ধ করে ফাইলপত্র পলিথিন দিয়ে ঢাকতে ব্যস্ত হয়ে পড়েন উপজেলার চারটি কার্যালয়ের কর্মচারীরা। পাকিস্তান আমলে নির্মিত থানা পরিষদের ভবন (বর্তমানে উপজেলা ভবন) এটি। কখনোসখনো টুকটাক মেরামত করা হলেও বৃষ্টিতে কাগজপত্র নষ্ট হওয়াসহ সব সময়ই ভবনটি ধসে পড়ার আতঙ্কে থাকেন এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।
সরেজমিনে গত সোমবার দেখা যায়, ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। কয়েকটি কক্ষের ছাদের ঢালাইয়ের রড পর্যন্ত বেরিয়ে রয়েছে। সিলিং ফ্যানের হুক জং ধরে নষ্ট হয়ে গেছে। তারপরও ঝুঁকি নিয়ে ওই হুকেই বৈদ্যুতিক পাখা ঝুলিয়ে ভ্যাপসা গরম সামাল দিচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা।
উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, পুরোনো ওই ভবনের দোতলায় উপজেলা কৃষি কার্যালয়, নিচতলায় সমবায়, পরিসংখ্যান ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় অবস্থিত। এ চারটি কার্যালয়ের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দোতলার কৃষি কার্যালয়টির। এ কার্যালয়ের চারটি কক্ষের মধ্যে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তার কক্ষের দেয়ালে ফাটল ধরেছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলেই ছাদের ফাটল দিয়ে টপ টপ করে পানি পড়ে। এ ছাড়া নিচতলার পরিসংখ্যান, সমবায় ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ছাদের পলেস্তারাও খসে পড়ছে। এসব কার্যালয়ের ছাদ নামেমাত্র সংস্কার করে চুনকাম করা হয়েছে। জানালার কাঠের পাল্লাগুলো পর্যন্ত নষ্ট হয়ে খুলে পড়েছে।
কৃষি কার্যালয়ের অফিস সহকারী হামিদুর রহমান বলেন, ‘বৃষ্টি এলে স্যারেরা কাজ-কাম বন্ধ করে ফাইলের ওপর পলিথিন দেওয়া নিয়ে আমাদের ব্যস্ত করে তোলেন। যেখানে বৃষ্টির পানি পড়ে সেখানে কাগজপত্র রাখি না। এমন ঘটনাও আছে, ছুটির দিনে টেবিলে পলিথিন না দেওয়ায় গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে গেছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন বলেন, ভবনটির যা দশা তাতে স্বাভাবিকভাবে দাপ্তরিক কাজকর্ম করা যায় না। মাঝেমধ্যেই ছাদের পলেস্তারা ঝুরঝুর করে মাথায় পড়ে। পরনের কাপড়চোপড় নোংরা হয়ে যায়। এ ধরনের একটা কক্ষে বসে কাজ করতে মানসিকভাবেও স্বস্তি পান না বলে জানান এ কর্মকর্তা। তিনি আরও বলেন, বৃষ্টি এলে তো কথাই নেই, সব কাজ বন্ধ করে ফাইল সরাতে ব্যস্ত হয়ে পড়তে হয়। কয়েক দিন আগে ভূমিকম্পের ঝাঁকুনিতে ভবনের লোকজন ভয়ে দৌড়ে নিচে নেমে আসেন বলে জানান তিনি।
উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল বলেন, ‘আমার অফিসের জানালাগুলো বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল বলেন, ভবনটি দীর্ঘদিনের পুরোনো। দুই-তিন বছর পরপর উপজেলা পরিষদ থেকে মেরামতের কাজ করা হয়। তারপরও একই অবস্থা। উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের দরপত্র আহ্বান ও কাজের অনুমতিও হয়েছে। তবে ওই ভবন ভাঙার অনুমিত পাওয়া যাচ্ছে না। তবে শিগগিরই নতুন ভবনের কাজ শুরু হবে।