বৃষ্টি ও উজানের ঢলে উত্তরে বন্যা, কয়েক লাখ মানুষ পানিবন্দী

প্রবল বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলের বন্যা-পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড় ও বগুড়ায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। বেশির ভাগ নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। তবে নদ-নদীর পানি কমতে থাকায় ঠাকুরগাঁও ও নীলফামারীতে বন্যা-পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
দিনাজপুর: দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া পাঁচটি নদী অববাহিকার সাতটি উপজেলার ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শত শত একর জমির সদ্য রোপা আমন ধানের চারা, উঠতি পাকা আউশ ধান, বীজতলা, শাকসবজির খেত পানিতে তলিয়ে গেছে।
দিনাজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান, বন্যাকবলিত সাতটি উপজেলার মোট দুই হাজার ২৬৪টি পরিবার ঘরছাড়া হয়েছে। গতকাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মোট ৫৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, দিনাজপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা, আত্রাই ও গর্ভেশ্বরী নদী বিপৎসীমা অতিক্রম করায় পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
অন্যদিকে খানসামা ও চিরিরবন্দর উপজেলায় আত্রাই, চিরি, গর্ভেশ্বরী ও ইছামতী, কাহারোল ও বীরগঞ্জে ঢেপা এবং বোচাগঞ্জ উপজেলার টাঙ্গন নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এসব উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
পীরগাছা (রংপুর): তিস্তা নদীর পানি প্লাবিত হয়ে উপজেলার ছাওলা ইউনিয়নের সাতটি গ্রামের ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া তিস্তার ভাঙনে চর গাবুরা গ্রামের ১১০টি পরিবারের বসতবাড়িসহ ৩৫০ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এলাকাবাসী জানান, গত বুধবার সকাল থেকে তিস্তা নদীতে অস্বাভাবিক পানি বেড়েছে। এতে ছাওলা ইউনিয়নের চর গাবুরা, পূর্ব হাগুড়িয়া হাসিম, রামসিং, কান্দিনা, জুয়ান, শিবদেব ও চর ছাওলাসহ সাতটি গ্রাম প্লাবিত হয়ে ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বুধবার ও গতকাল প্রবল স্রোতে তিস্তার ভাঙনে চর গাবুরা গ্রামের ১১০টি পরিবারের বসতবাড়ি, আবাদি জমি ও অসংখ্য গাছ নদীগর্ভে বিলীন হয়েছে। এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে নদ-নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় বন্যা-পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার সকালে ধরলা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানিতে আংশিক তলিয়ে গেছে জেলার ৩৫ ইউনিয়নের আড়াই শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দুই লাখ মানুষ। তলিয়ে গেছে দুই শতাধিক হেক্টর জমির আমন বীজতলা ও উঠতি শাকসবজির বাগান। সরকারি ও বেসরকারিভাবে কোনো ত্রাণ তৎপরতা শুরু হয়নি।
উজানের পানির প্রবল স্রোতে জেলার আটটি স্থানে নদ-নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গঙ্গাধর নদীর ভাঙনে নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জে শত বছরের পুরোনো বাজারটি দ্রুত বিলীন হয়ে যাচ্ছে। নুনখাওয়া ইউনিয়নে দুধকুমার নদের তীব্র ভাঙনে তীররক্ষা বাঁধ, সেতু ও সড়ক বিলীন হয়ে গেছে।
বন্যা-পরিস্থিতি নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্যোগ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় চরাঞ্চল ও আশপাশের এলাকার বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার এবং শুকনো খাবার সংগ্রহে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়।
উলিপুর (কুড়িগ্রাম): তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সাতটি ইউনিয়নের নদী তীরবর্তী ১৫টি গ্রামে বন্যা-পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এসব গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল বাতেন জানান, বালাডোবা গ্রামে বন্যার পানিতে ডুবে তাজুল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
হাতিয়া ইউপির চেয়ারম্যান আবুল হোসেন জানান, ব্রহ্মপুত্র নদের পানির স্রোতে তাঁর ইউনিয়নের কুমারপাড়া গ্রামে পাউবোর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৫০ মিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে।
লালমনিরহাট: তিস্তার পানি বিপৎসীমার আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ধরলার পানি গতকাল বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ধরলার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ও মোগলহাট ইউনিয়নের ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
গাইবান্ধা: সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নদী তীরবর্তী ১০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে সুন্দরগঞ্জের কাপাসিয়া, হরিপুর, তারাপুর, সদর উপজেলার মোল্লারচর, কামারজানি, ফুলছড়ির এরেন্ডাবাড়ি, ফজলুপুর, উড়িয়া, গজারিয়া ও সাঘাটার হলদিয়া। এসব চরাঞ্চলের আমন বীজতলা ও উঠতি পাট তলিয়ে গেছে।
পঞ্চগড়: গত বুধবার রাতভর মুষলধারে বৃষ্টিপাতে পঞ্চগড় পৌরসভার দরজিপাড়া, পৌরসভা খালপাড়া, রাজনগর, ডোকরোপাড়া, ইসলামবাগ ও নিমনগরসহ ১৫টি গ্রামের সাত শতাধিক পরিবারের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া বোদা পাথরাজ নদের পানি বৃদ্ধির ফলে বোদা-ঢাকা জাতীয় মহাসড়কের বোদা সেতুতে ফাটল ধরেছে।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোদা এবং আটোয়ারী উপজেলার বন্যা-পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুই উপজেলার তিন হাজার পরিবার এখনো পানিবন্দী। ছয়টি আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে সাত শ পরিবারের দুর্বিষহ দিন কাটছে। জেলা প্রশাসক মোহামঞ্চদ সালাহ উদ্দিন জানান, বন্যার্তদের সহায়তায় ১০০ মেট্রিক টন চাল এবং গৃহনির্মাণে পাঁচ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। বোদা সেতুর ফাটল পরিদর্শনে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঠানো হয়েছে।
ধুনট (বগুড়া): ধুনটে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীর সংরক্ষণ প্রকল্পের স্থান তলিয়ে গেছে। এ কারণে এক সপ্তাহ ধরে ওই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। পানির স্রোতে প্রকল্পের স্থানে ভাঙন ধরে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
ঠাকুরগাঁও: টাঙ্গন, শুক, সেনুয়া, কুলি ও তিরনই নদের পানি কমতে থাকায় ঠাকুরগাঁওয়ের বন্যা-পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। লোকজন বাড়িতে ফিরতে শুরু করেছে। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পানির পরিমাণ কমে যাওয়ায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে জলাবদ্ধতা আরও কমে আসবে।
নীলফামারী: নীলফামারীতেও বন্যা-পরিস্থিতির উন্নতি হয়েছে। বুধবার সারা দিন তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও রাত থেকে কমতে শুরু করে। পানি নেমে যেতে শুরু করায় বাড়ি ফিরতে শুরু করেছে দুর্গত মানুষ।