বৃষ্টি ও জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাথার ওপরে উড়ালসড়কের কাজ চলছে। নিচে পয়োনালা নির্মাণের জন্য খুঁড়ে রাখা হয়েছে ফুটপাত। সঙ্গে রাস্তাজুড়ে তৈরি হয়েছে নানা আকারের গর্ত। গতকাল বৃষ্টিতে সড়ক ডুবে যাওয়ার পর তেমনই এক গর্তে উল্টে পড়ে যাত্রীসহ একাধিক রিকশা। দুপুরে মালিবাগ মোড়ে বিদ্যালয়ফেরত কিশোরীকে নিয়ে এই অভিভাবকের উল্টে পড়ার দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন আবদুস সালাম
মাথার ওপরে উড়ালসড়কের কাজ চলছে। নিচে পয়োনালা নির্মাণের জন্য খুঁড়ে রাখা হয়েছে ফুটপাত। সঙ্গে রাস্তাজুড়ে তৈরি হয়েছে নানা আকারের গর্ত। গতকাল বৃষ্টিতে সড়ক ডুবে যাওয়ার পর তেমনই এক গর্তে উল্টে পড়ে যাত্রীসহ একাধিক রিকশা। দুপুরে মালিবাগ মোড়ে বিদ্যালয়ফেরত কিশোরীকে নিয়ে এই অভিভাবকের উল্টে পড়ার দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন আবদুস সালাম

রাজধানীতে গতকাল সোমবারের টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম।
পুরান ঢাকাসহ নগরের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গতকাল বেলা দুইটায় দেখা যায়, পুরান ঢাকার বকশীবাজার মোড় থেকে হোসেনি দালান রোড ও নাজিমউদ্দিন রোড পানিতে তলিয়ে আছে। নাজিমউদ্দিন রোডের আনোয়ারা বেগম মুসলিম উচ্চবিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে পানি ঢুকে গেছে। বিদ্যালয়ের ভেতর কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি। তবে বকশীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির পর ময়লা পানি মাড়িয়ে শিক্ষার্থীদের বাসায় যেতে দেখা যায়।
বকশীবাজারের নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ, নবকুমার ইনস্টিটিউশন, ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে জলাবদ্ধতা দেখা গেছে।
বকশীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মো. মাসুম বলে, পানিতে নামতে ভয় লাগে। আর পানি থেকেও দুর্গন্ধ আসছে।
বেলা সোয়া ১১টার দিকে লালবাগের খাঁজে দেওয়ান সড়ক হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে দেখা যায় পঞ্চম শ্রেণির ছাত্র ফরহাদ রানা। সে বলে, বেলা সাড়ে ১১টায় পরীক্ষা আছে। কিন্তু বৃষ্টির কারণে ১১টা পর্যন্ত বাসায় আটকে ছিল। বিদ্যালয়ে যাওয়ার জন্য রিকশাও পাওয়া যাচ্ছিল না। তাই বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে রওনা দিয়েছে সে।
টানা বৃষ্টিতে মৌচাক, মালিবাগ, শান্তিনগর, সিদ্ধেশ্বরী ও বেইলি রোডেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রওশন আরা সারওয়ার বলল, সকালে স্কুলের সামনে অনেক পানি ছিল। স্কুলে যাওয়ার সময় তার জুতা ভিজে গেছে। এ ছাড়া সকালে পা পিছলে বিদ্যালয়ের দুই শিক্ষার্থী পানিতে পড়ে গেছে।
মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র জুনায়েদ আহমেদ বলে, সকাল নয়টায় ক্লাসে যাওয়ার সময় সে বৃষ্টিতে ভিজে যায়। তার অনেক সহপাঠীও ভিজে স্কুলে এসেছে। অন্যান্য দিনের তুলনায় স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।