বৃষ্টি ও জোয়ারে বাগেরহাটে বীজতলা, সবজি খেত নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে অন্তত দুই হাজার ১০০ বিঘা জমির বীজতলা এবং প্রায় ৭৫০ বিঘা সবজিখেত নষ্ট হয়ে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন কৃষকেরা। এ অবস্থায় বাজারের সবজির দামও বেড়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জেলায় এ বছর পাঁচ হাজার ১০৭ হেক্টর (সাড়ে সাত বিঘায় এক হেক্টর) জমিতে কৃষকেরা আমনের বীজতলা করেছেন। এর মধ্যে তিন দফা বৃষ্টিতে ৩০০ হেক্টরের বীজতলা পানিতে ডুবে সম্পূর্ণ নষ্ট হয়েছে।
মোট তিন হাজার ৩৬৫ হেক্টর সবজি খেতের মধ্যে ১০০ হেক্টরের সবজি খেত সম্পূর্ণ নষ্ট হয়েছে। এ ছাড়া অন্তত ২৫ হেক্টর পান বরজের ক্ষতি হয়েছে।
সদর উপজেলার বারুইপাড়া এলাকার সবজিচাষি আবুল কালাম বলেন, তিনি বিভিন্ন ধরনের সবজি চাষ করেছিলেন।
কিন্তু টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে তাঁর খেত ডুবে, সব গাছও মরে গেছে। পানি সরে গেলেও নতুন করে চাষ করার টাকা এখন আর তাঁর কাছে নেই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক মনোজিত কুমার মল্লিক বলেন, ‘অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় জেলার আমন ধান ও সবজির চাষ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলা নষ্ট হয়ে আমনের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’