বৃষ্টি ও জোয়ারে ভোলার বিভিন্ন সড়কে গর্ত, কাদা
টানা বর্ষণ ও জোয়ারে ভোলার বিভিন্ন সড়কে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষ ও যানবাহন কাদাপানি ঠেলে চলাচল করছে। এতে তাঁদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
গত সোমবার ভোলা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভোলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি আমলাসহ সবাই ঈদের আগেই খানাখন্দ ভরাট করে ভোগান্তি কমানোর সুপারিশ করেন।
ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত ২১ জুন থেকে টানা সপ্তাহ খানেক বৃষ্টিপাত হয়েছে। ওই সময় জোয়ারের পানি বিপৎসীমার ৩ দশমিক ৭ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে পৌরসভার সড়কসহ অনেক গ্রামীণ সড়ক ডুবে যায়। মহাসড়কের কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়। কোনো কোনো সড়কের পাশ থেকে বালু-কাদা এসে পাকা সড়কেই হাঁটুসমান কাদা হয়েছে। টানা বৃষ্টির পরও গতকাল মঙ্গলবার পর্যন্ত মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। এতে জনদুর্ভোগ আরও বেড়েছে।
সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহীন সরকার বলেন, টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কের আরও ক্ষতি হয়েছে। ভালো সড়কে ফাটল ও গর্ত দেখা দিয়েছে। এর পরিমাণ প্রায় ৮-১০ কিলোমিটার। বেশি ক্ষতিগ্রস্ত সড়কের জন্য দরপত্র আহ্বান করে ও কম ক্ষতিগ্রস্ত সড়ক বর্ষা মৌসুম শেষ হলে সংস্কার করা হবে।
ভোলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আবদুস সালাম বলেন, টানা বর্ষায় ও জোয়ারের পানিতে ১০৫ কিলোমিটার কাঁচা ও পাকা সড়কের ক্ষতি হয়েছে। এ সড়ক সংস্কার করতে ৪২ কোটি টাকা দরকার।
ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন ওরফে আরজু বলেন, ঈদের আগে সরকারি বিদ্যালয়ের সেতু থেকে শুরু করে কালীবাড়ি সড়কটি সংস্কারসহ অন্যান্য সড়ক কম-বেশি সংস্কার হবে।