বৃষ্টি ও দমকা বাতাসে পোস্টারের বারোটা
দেশের বিভিন্ন স্থানে গত শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে। দফায় দফায় বৃষ্টি হওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের পোস্টার নষ্ট হয়ে যাচ্ছে। এই দুই উপজেলায় ১৯ ফেব্রুয়ারি নির্বাচন হবে। ভোট গ্রহণের কয়েক দিন আগে পোস্টার নষ্ট হওয়ায় প্রার্থীরা বিপাকে পড়েছেন।
গতকাল শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত কয়েক দফা বৃষ্টিতে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া কয়েক হাজার পোস্টার ভিজে নষ্ট হয়ে গেছে। ধানগড়া, লক্ষ্মীকোলা, রায়গঞ্জ, চান্দাইকোনা, ষোলমাইল, ঘুড়কাসহ কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা গেছে, বেশির ভাগ পোস্টার খুলে নিচে মাটিতে পড়ে আছে। এসব পোস্টার তুলে নিয়ে যাচ্ছে টোকাইরা।
আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুল হাদী আল মাজীর কয়েকজন কর্মী জানান, পোস্টারের এ দুরবস্থার কথা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জানানো হয়েছে। তাঁদের নির্দেশে দু-এক দিনের মধ্যে আবারও পোস্টার ঝোলানো হবে।
বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের কর্মী সবুজ সরকার বলেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পোস্টার পরিবর্তন করে দেওয়া হবে। রণতিথা এলাকার ভোটার তুহিন আহমেদ বলেন,গত নির্বাচনে কুয়াশা থেকে রক্ষা করতে প্রার্থীদের লোকজন পলিথিনে মুড়িয়ে পোস্টার ঝুলিয়ে দিয়েছিলেন।
রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় শুক্রবার দিবাগত রাত সোয়া একটা থেকে গতকাল সকাল পৌনে ১০টা পর্যন্ত কয়েক দফা হালকা ও ভারী বৃষ্টি হয়েছে এবং দমকা হাওয়া বয়ে গেছে। বৃষ্টি ও দমকা হাওয়ায় পোস্টার ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। এতে শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
প্রার্থীদের পোস্টার তৈরি ও সরবরাহকাজে থাকা কয়েকজন কর্মী বলেন, প্রত্যেক প্রার্থীর পোস্টার বানাতে এক লাখ টাকার বেশি খরচ হয়েছে। বড় ধরনের একেকটি পোস্টার ছাপানো খরচ এক টাকা ৯০ পয়সা। বৃষ্টির কারণে রশিতে ঝোলানো পোস্টার নষ্ট হয়ে গেছে। নতুন করে আবার পোস্টার ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুস সামাদ বলেন, পোস্টার ছাড়া নির্বাচনী প্রচার জমে না। কর্মীরা পোস্টার চেয়ে না পেলে ক্ষিপ্ত হন। বৃষ্টির কারণে পোস্টার নষ্ট হওয়ায় খরচ বেড়ে যাবে।