বৃষ্টি ও পাহাড়ি ঢলে ছয় হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের উত্তর চৌমোহনা এলাকা তলিয়ে যায় l ছবি: প্রথম আলো
অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের উত্তর চৌমোহনা এলাকা তলিয়ে যায় l ছবি: প্রথম আলো

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গতকাল শনিবার মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের ৫টি ওয়ার্ডের ১০টি এলাকা তলিয়ে যায়। এতে ১ হাজার কাঁচা বাড়িঘর ও ৩০০ ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এবং ৬ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোররাত তিনটা থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে সকাল প্রায় নয়টা পর্যন্ত চলে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ষাটমা ছড়ার কলেজ এলাকা এবং সাইটাল এলাকার দুটি স্থানের বাঁধ ভেঙে যায়। অপরদিকে নিকরি ছড়ার পানি উপচে প্রবাহিত হয়। এতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আইলাপুর, পুরুষেররামের চক ও ষাইটআইল, ২ নম্বর ওয়ার্ডের হাটবন্দ, আদিত্যেরমহাল গ্রামতলা, ৩ নম্বর ওয়ার্ডের বারইগ্রাম, ৬ নম্বর ওয়ার্ডের মুছেগুল, মহুবন্দ ও মুছেগুল এবং ৭ নম্বর ওয়ার্ডের পাখিয়ালা এলাকা তলিয়ে যায়। এতে অন্তত ১ হাজার ২০০ বাসাবাড়ি এবং শহরের হাজীগঞ্জ বাজার এলাকায় ৩ শতাধিক দোকানে পানি উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, মৌলভীবাজার-কুলাউড়া-বড়লেখা-বারইগ্রাম সড়কের বড়লেখার কাঁঠালতলি থেকে পানিধার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এবং বড়লেখা বাজার থেকে বড়লেখা-শাহবাজপুর সড়কের বড়লেখা ডিগ্রি কলেজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে আছে। এ ছাড়া পৌরসভার প্রধান সড়কের ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তর চৌমোহনা এলাকায় দুই থেকে তিন ফুট পানি। পানি ঠেলে যাত্রী নিয়ে কয়েকটি রিকশা চলছে। দোকানে পানি ঢোকায় ব্যবসায়ীরা উঁচু জায়গায় মালপত্র সরিয়ে রাখছেন।

নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন বলেন, কলেজের শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় তাঁরা ছুটি ঘোষণা করেন। বৃষ্টি হলে প্রায়ই এ অবস্থা হয়। তখন ১০-১২ দিন কলেজে পাঠদান কার্যক্রম বন্ধ থাকে।

হেলাল উদ্দিন অভিযোগ করেন, কলেজের উত্তর পাশে পানিনিষ্কাশনের একটি নালা রয়েছে। কিন্তু ওই নালা দখল করে প্রায় তিন বছর আগে তিনটি পাকা বাড়ি নির্মাণ করায় পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। বিষয়টি পৌরসভার মেয়রকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু প্রতিকার হয়নি।

পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রথম আলোকে বলেন, মূলত পৌরসভার দক্ষিণ-পূর্ব সীমানা দিয়ে প্রবাহিত নিকরি ছড়া ও উত্তর-পূর্ব সীমানায় অবস্থিত ষাটমা ছড়া পলিতে ভরাট হয়ে পড়ায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে শহরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। ওই দুটি ছড়া পুনরায় খননের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাত-আট দিন আগে জরিপকাজ করে গেছে। এ কাজ হয়ে গেলে পৌরসভার বাসিন্দাদের আর দুর্ভোগ পোহাতে হবে না।

এ বিষয়ে পাউবো মৌলভীবাজার কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. মুখলিছুর রহমান বলেন, ‘আমরা ষাটমা ছড়া ও নিকরি ছড়া সার্ভে করেছি। এখন ডিজাইন করা হবে। ঢাকায় ডিজাইন চূড়ান্ত হওয়ার পর আগামী অর্থবছরে কাজ হবে।’