বৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো নিয়ে বিপাকে কৃষক
কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের করিমগঞ্জ, কটিয়াদী ও নিকলী উপজেলার হাওরের বোরো ধানের খেত প্লাবিত হয়েছে। বৃষ্টির কারণে সুনামগঞ্জের দিরাই উপজেলার কৃষকেরাও ধান নিয়ে বিপাকে পড়েছেন। এদিকে একটি বাঁধ ভেঙে জগন্নাথপুর উপজেলায় হাওরের ৩০০ একর জমির ফসল তলিয়ে গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কিশোরগঞ্জ: প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে করিমগঞ্জ, কটিয়াদী ও নিকলীর তিন হাজার একর জমির পাকা ধান তলিয়ে গেছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে আরও কয়েক হাজার একর জমির ধান নষ্ট হবে। হাওরের উঁচু স্থানগুলোতে ধান স্তূপ করে রাখা হচ্ছে। কিন্তু রোদ না থাকায় ধানের মধ্যে চারা গজাচ্ছে। কিছু স্থানে ধান পচে নষ্ট হয়ে যাচ্ছে। বড় হাওর এলাকার কৃষক রবি দাস ও মো. আলী জানান, বড় হাওরে প্রায় ৬০ হাজার একর জমি আছে। এর মধ্যে ৭০ ভাগ জমির ধান কেটে ফেলা হয়েছে এবং ৫০ ভাগের ধান গোলায় তোলা হয়েছে। বাকি ধান প্রবল বর্ষণের কারণে জমির উঁচু অংশে পড়ে আছে। বৃষ্টিতে অস্থায়ী সড়কগুলোতে কাদা ও পানি জমে আছে।দিরাই (সুনামগঞ্জ): ১৩-১৪ দিন ধরে বৃষ্টি থাকায় উপজেলার হাওরপারের কৃষকেরা মাড়াই করা ধান শুকাতে পারছেন না। এতে কয়েক লাখ মণ ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সাকিতপুর হাওরপারের কৃষক আবদুল হান্নান বলেন, ‘আমি প্রায় ৫০০ মণ ধান পাইছি। একটা ধানও হুকাইতে পারছি না। ১৪ দিনের মাঝে রইদ উঠছে না, আরও দু-তিন দিনে গেলে হকল ধান ফছি (নষ্ট) হই যাইব।’ উপজেলা কৃষি কর্মকর্তা মুহামঞ্চদ শফিকুর রহমান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাড়াই করা ধান নষ্ট হয়েছে। তবে যাঁরা আগাম জাতের ধান চাষ করেছিলেন, তাঁদের ক্ষতি হয়নি। জগন্নাথপুর (সুনামগঞ্জ): কয়েক দিনের টানা বৃষ্টি ও কুশিয়ারা নদীর পানি বাড়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) একটি বেড়িবাঁধ ভেঙে উপজেলার একটি হাওরের ৩০০ একর জমির ফসল তলিয়ে গেছে। একই কারণে বাগময়না-হলিকোনা, খাগাউড়া-গোপ্রাপুর ও ইসমালচক-বেরী সড়ক ভেঙে গেছে। এলাকাবাসী জানান, পাউবো গত ফেব্রুয়ারিতে নলুয়ার হাওরের ফসল রক্ষায় বাগময়না পদ্মার ঢালা এলাকায় দেড় কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ নির্মাণ করে। বাঁধটি নির্মাণের দায়িত্বে ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজলুল হক। পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের মাঠ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘বেড়িবাঁধ ভাঙার খবর পেয়েছি। এ ব্যাপারে চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’