বৃষ্টি ও পাহাড়ি ঢলে শাটল ট্রেন ও যান চলাচল বিঘ্নিত
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইনে পানি ওঠায় গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়গামী তিনটি শাটল ট্রেন যেতে পারেনি। একই কারণে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় এ পথে সকালে যান চলাচলে বিঘ্ন হয়েছে।সোমবার রাতভর প্রবল বর্ষণ হয়েছে ওইসব এলাকায়। তবে গতকাল সকাল থেকে বৃষ্টি থেমে গেছে। গতকাল সকাল সাড়ে সাতটায় নগরের বটতলী রেলস্টেশন থেকে ছেড়ে একটি ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাতে পারলেও পরবর্তী তিনটি ট্রেন পৌঁছাতে পারেনি।নগরের বটতলী রেলস্টেশন থেকে সকাল আটটা, ষোলশহর থেকে পৌনে ১০টা ও সাড়ে ১০টার শাটল ট্রেন তিনটি ক্যাম্পাসে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌলা জানান, রাতে প্রবল বর্ষণ হয়েছে। আমান বাজার, বড় দীঘির পাড় ও নন্দির হাট এলাকার রেললাইন পানিতে তলিয়ে যায়। বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে একটি বাঁধ ভেঙে যাওয়ায় এই অবস্থা হয়েছে। এরপর ঝুঁকি নিয়ে আর ট্রেন চলেনি বলে তিনি জানান। গতকাল দুপুরের পর রেললাইনের ওপর থেকে পানি নেমে যাওয়ায় ট্রেন চলাচল শুরু হয়।গতকাল সকালে সরজমিনে দেখা যায়, ওই বাঁধ ভেঙে যাওয়ায় আমান বাজার, বড় দীঘিরপাড় এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ওই সব এলাকার কয়েকটি স্কুল, অনেক বাড়িঘর ও দোকানে পানি উঠেছে। সড়কপথেও ওই সব এলাকায় পানি ওঠায় ঝুঁকি নিয়ে ওই সড়কে যান চলাচল করছে। ফলে সড়কে যানজট দেখা দেয়। সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সকালের দিকে যানবাহন চলাচল একেবারে কমে যায়। তবে বৃষ্টি থেমে যাওয়ায় তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সকালে বড় দীঘির পাড় ও চৌধুরীহাট এলাকা পরিদর্শন করেছেন।