জলাবদ্ধতায় আয়েশা বেগম মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়েছিলেন, সে প্রায় এক বছর হয়ে গেল। বর্ষার সময় বৃষ্টিতে ভিজে, শীতের সময় জবুথবু হয়ে দিন-রাত কেটেছে। তবে বৃষ্টি ও শীতে আর কষ্ট করতে হবে না সত্তরোর্ধ্ব এই নারীর।
আয়েশার মতো যশোরের কেশবপুর উপজেলার ৭৫টি পরিবার গতকাল শনিবার উপজেলা প্রশাসনের সহায়তা হিসেবে টিন ও অর্থ পেয়েছে। গত বছরের জুলাই-আগস্ট মাসের অতিবর্ষণের পর জলাবদ্ধতায় তাদের বসতভিটা বিধ্বস্ত হয়ে যায়।
সহায়তা পাওয়ার পর উপজেলার হাবাসপোল গ্রামের বাসিন্দা হাজিরা খাতুন বলেন, এই সাত মাস ধরে তিনি ছাপরাঘরের মধ্যে পরিবার নিয়ে কোনো রকমে জীবন যাপন করছিলেন। টিন পেয়ে তাঁর কষ্টের অবসান হবে।
গত বছরের ওই জলাবদ্ধতায় কেশবপুর পৌরসভাসহ ১১টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়। এলাকার ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তখন সড়ক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার মানুষ আশ্রয় নেয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কেশবপুর পৌরসভা ও কেশবপুর ইউনিয়ন। দুই মাস পর পানি নেমে গেলেও বাড়ি ফিরে তাদের নতুন সংগ্রাম শুরু করতে হয়। জলাবদ্ধতায় বিধ্বস্ত ভিটার ওপর কোনো রকমে পলিথিনের ছাপরা করে বাস করা ছাড়া উপায় ছিল না অভাবী এসব মানুষের।
টিন ও অর্থ বিতরণ উপলক্ষে গতকাল শনিবার কেশবপুরের আবু সারাফ সাদেক মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গৃহহারা ৭৫ জনকে দুই বান করে টিন দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ৬ হাজার টাকার চেক দেওয়া হয়।
উপজেলার মধ্যকুল এলাকার শিল্পী বেগম বললেন, ‘এখন অন্তত নিজের ভিটায় অগের মতো থাকতে পারব। এতেই আমি খুশি।’ এত দিন অন্যের বাড়িতে দুই শিশুসন্তান নিয়ে পলিথিনের ছাপরায় বাস করছিলেন তিনি। কোলের ছোট্ট শিশুটিকে গতকাল সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুরের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। সভাপতিত্ব করেন কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির। বক্তব্য দেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেন প্রমুখ।
ইউএনও শরীফ রায়হান কবির প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একটি তালিকা তৈরি করে উপজেলা প্রশাসন। এই তালিকা ধরে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হচ্ছে। যাঁরা এখনো পাননি, পরবর্তী সময়ে বরাদ্দ এলেই অগ্রাধিকার ভিত্তিতে তাঁদের দেওয়া হবে।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় জলাবদ্ধতায় ৬০০ গৃহহারা পরিবারের তালিকা করেছিল। এর অগে গত ৫ ডিসেম্বর ১২৬টি পরিবারকে সমপরিমাণ টিন ও অর্থ-সহায়তা দেয় উপজেলা প্রশাসন। সেই হিসাবে তালিকাভুক্ত ৩৯৯টি পরিবার এখনো সহায়তা পায়নি।