বৃষ্টি ও সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তরের কাজ ব্যাহত হচ্ছে।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার প্রথম আলোকে বলেন, বন্দরের বহির্নোঙরে ৭৩টি পণ্যবাহী জাহাজ রয়েছে। আবহাওয়া অনুকূল না থাকার কারণে পণ্য স্থানান্তর কাজে ব্যাঘাত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’-এর কারণে সাগর উত্তাল রয়েছে।
বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তর কাজ করে শিপ হ্যান্ডলিং অপারেটররা। বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ কে এম শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, লাইটার জাহাজগুলো বড় জাহাজের কাছাকাছি রেখে পণ্য স্থানান্তর করা হয়। কিন্তু বৃষ্টি ও সাগর উত্তাল থাকায় লাইটার জাহাজগুলো বড় জাহাজের কাছাকাছি রাখা যাচ্ছে না। ফলে পণ্য স্থানান্তর কাজ কার্যত বন্ধ রয়েছে।