বৃষ্টি, কবি ও কেরানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

আকাশ সহস্রলোচনা। সে কাঁদছে। তার হাজার চোখ বেয়ে নামা এই অশ্রুধারার নাম বৃষ্টি।
আদ্যিকালের কালিদাস থেকে হালের আজিজ মার্কেটের হরিদাস পাল—যার মনে কাব্য ভাব এসেছে, বৃষ্টি তাকে ছাড়েনি। দুলাইন লিখিয়ে ছেড়েছে। উদীয়মান থেকে উদিত; শিক্ষানবিশ থেকে অবসরপ্রাপ্ত—সব কবি, সব সাহিত্যিকের বৃষ্টিদুর্বলতা ছিল, আছে, থাকবে।
শুধু কি কবি? শুধু কি সাহিত্যিক?
না। মানুষমাত্রই বৃষ্টিবিলাসী। মানুষমাত্রই কবি। চাই সে লিখুক বা না লিখুক। কারণ ‘জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা’। তার মানে প্রতিটি মানুষ কবি। প্রতিটি কৃষক কবি। কারণ, ‘যে কর্ষণ করে তার প্রতিটি স্বেদবিন্দু কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।’
এই কারণেই বৃষ্টি সবাইকে দোলা দেয়। সুকুমার বৃত্তিকে খোঁচা দেয়। যে লোক ‘মেঘদূতম’ বোঝে না; ‘শাঙ্গন গগনে ঘোর ঘনঘটা’—ভানু সিংহের এই পদাবলির মর্মার্থ ধরতে পারে না, সে অন্তত এইটুকু বোঝে, আজ ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ জমবে। মাংস হলে আরেকটু ভালো হয়। যে লোক তার সন্তানদের কাদাপানি থেকে সাবধানে সরিয়ে রাখে, বর্ষণের অবিমিশ্র আতিশয্য তাকেও রোমান্টিক করে তুলতে পারে। বাচ্চাদের হাত ছেড়ে দিয়ে তিনিও বলে উঠতে পারেন, ‘যা, ভেজ। ইচ্ছেমতো ভেজ। জ্বর বাধলে বাধুক!’
বৃষ্টি নিয়ে আদিখ্যেতা করা এই লোকই যখন বন্যাকবলিত রাস্তা ধরে অফিস থেকে ফেরে; এই লোকেরই যখন ধান-পান-সবজির খেত কিংবা মাছের ঘের তলিয়ে যায়; দোকানপাট বন্ধ হয়ে ব্যবসা লাটে ওঠে, তখন সে আবার কবি থেকে ছাপোষা কেরানি-খামারি-কৃষক-দোকানদার হয়ে যায়।
আমার পরিচিতি এক অবসরপ্রাপ্ত কবি আছেন, যিনি বাথরুমে যাওয়ার আগে আধা কাপ চা খান। এতে ব্যাপারটা মসৃণ হয়। কিন্তু কোনো দিন যদি তিনি পুরো এক মগ চা খেয়ে বসেন, সেদিন তাঁর বাথরুম বন্ধ হয়ে যায়।
বৃষ্টিও তা-ই। সহনীয় মাত্রায় নামলে কেরানি হয়ে ওঠে কবি। বৃষ্টির দাপট বাড়লে কবি হয়ে যায় আটপৌরে সংক্ষুব্ধ করুণ কেরানি।
গত দুই দিনের বৃষ্টি দেখে ঢাকার সব অফিস-ফেরত মানুষকে মনে হচ্ছে সত্যজিতের ‘পরশ পাথর’ ছবির কেরানি পরেশ চন্দ্র দত্তের মতো। এই চরিত্রে অভিনয় করেছিলেন তুলসী চক্রবর্তী। ঘন বর্ষণে আটকা পড়া ছাপোষা কেরানি পরেশ দত্ত মাথা বাঁচাতে একটা দেয়ালের পাশে বসে পড়ে। সেখানে ঘুমে ঢলে পড়ে। সেই তন্দ্রায় আসে স্বপ্ন। স্বপ্নে পায় পরশ পাথর। সেই তেলেসমাতি পাথর লোহায় ছোঁয়ালে সেই লোহা পকাৎ করে সোনা হয়ে যায়। সোনা বেচে কেরানি পরেশ হয়ে যায় করপোরেট পরেশ। কত রকমের ইচ্ছে পূরণ হয়। অতঃপর ঘুম ভাঙে। পরেশের স্বপ্নভঙ্গ হয়। ছবিও শেষ হয়।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কেবল বৃষ্টি হয়েছে ১৪৯ মিলিমিটার। আজ সারা দিনের হিসাব তো বাকিই।
বোঝা-ই যাচ্ছে এই বৃষ্টিতে এনজিওপুষ্ট মধ্যবিত্তের কাব্য করা বিলাসিতা, নিছক ফুটানি। রাস্তাঘাট বন্ধ। দোকানপাট বন্ধ। ব্যবসা লাটে উঠেছে।
এই ‘ঘনঘোর বরিষায়’ ঢাকার রাস্তায় ছাতা হাতে হাজার হাজার কেরানি পরেশ দত্ত ছুটছে। কাকভেজা হয়ে কেউ ফিরছে। কেউ আটকা পড়ছে। যারা পরেশের মতো আটকা পড়েছে, তারা হয়তো স্বপ্ন দেখছে। পরশ পাথরের স্বপ্ন। দারিদ্র্যমুক্ত করপোরেট স্বপ্ন।
মধ্যবিত্তের বৃষ্টিস্নাত এই স্বপ্নে দোষ নেই। এ তো জীবনযন্ত্রণা থেকে ক্ষণিকের জন্য হলেও মুক্তি। আফিমে ব্যথা সারে না, কিন্তু ব্যথার অনুভূতি তো নষ্ট করে! সেটাই বা কম কী! মনে পড়ে মান্না দের গান—‘স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা/ জাগিও না/ আমায় জাগিও না।’