বৃষ্টি কমলে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ
বৃষ্টি ও ঘন কুয়াশা কেটে গেলে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় শীত বাড়বে। আগামী দুই-তিন দিনের মাথায় নামতে পারে শৈত্যপ্রবাহ। মাসের বাকি সময় থেমে থেমে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।গতকাল সোমবার পশ্চিমা ও পুবালি লঘুচাপের কারণে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দুপুরে একচিলতে রোদের ঝিলিক দেখা গেলেও দিনের বাকি সময় আকাশ ছিল মেঘলা। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় রাজধানীবাসীর কষ্ট ও ভোগান্তি বেড়ে যায়।আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজও উত্তরাঞ্চলসহ দেশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাল থেকে বৃষ্টি কমে গিয়ে রোদের দেখা পাওয়ার সম্ভাবনা থাকলেও রাতে তাপমাত্রা কমতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, আজ দেশের উত্তরাঞ্চল ছাড়া বেশির ভাগ এলাকায় রোদের দেখা মিলতে পারে। জলীয় বাষ্প না থাকায় হিমেল হাওয়া শীতও বাড়িয়ে দিতে পারে।আবহাওয়াবিদেরা জানান, বাংলাদেশে শীতের প্রধান কারণ সাইবেরিয়া থেকে ভেসে আসা হিমেল হাওয়া বা উপমহাদেশীয় উচ্চ চাপবলয়। গত ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত এটি বাংলাদেশের ওপরে অবস্থান করায় শৈত্যপ্রবাহ হয়েছিল। বর্তমানে এটি ভারতের উত্তর প্রদেশ ও দিল্লির ওপরে অবস্থান করছে। জলীয় বাষ্প ও ঘন কুয়াশার কারণে এটি বাংলাদেশের আকাশসীমায় আসতে পারছে না।চলতি মাসের জন্য দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ এবং অন্যান্য স্থানে দুই থেকে তিনটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।গতকাল রাজধানীতে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। তবে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনায় ২২ ও মংলায় ২০ মিলিমিটার। দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের জন্য দেওয়া কৃষি পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশা থাকায় চলতি সপ্তাহে আলুখেতে লেট ব্লাইট রোগের আশঙ্কা আছে। ফলে আলুর জমিতে ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।