বৃষ্টি ছাড়াই জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব জুরাইনের খোরশেদ আলী সরদার লেনের আল আকসা মসজিদ থেকে মিষ্টির দোকান পর্যন্ত এলাকা স্থায়ীভাবে জলাবদ্ধ হয়ে আছে। রাস্তাজুড়ে ময়লা, কালো ও দুর্গন্ধযুক্ত পানি। বৃষ্টি নামলে এখানকার বাসিন্দাদের আর চলাফেরার অবস্থা থাকে না।
এই এলাকার পানি নামে মূলত তিতাস খাল দিয়ে। তা ছাড়া নিচু এলাকা বলে গোটা জুরাইন, মুরাদপুরের পানিও এই খাল দিয়েই নামে। কিন্তু দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে আছে। আর তাতেই ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।
খোরশেদ আলী সরদার লেনের ওষুধ ব্যবসায়ী আজাদ হোসেন বলেন, এক দিন বৃষ্টি হলে দু-তিন দিন দোকান বন্ধ রাখতে হয়। আর সাধারণ সময়েও দোকানের সামনের রাস্তায় ময়লা পানি জমে থাকে, ইট বিছিয়ে মানুষের যাওয়া-আসার ব্যবস্থা করলেও ক্রেতারা এদিকে আসতে চান না।
সরেজমিনে দেখা গেছে, পূর্ব জুরাইনের মিষ্টির দোকান এলাকা থেকে জিয়া সরণি পর্যন্ত এ তিতাস খালের বিস্তৃতি। খালের দুই পাশে মানুষের আবাস গড়ে উঠেছে। এসব বাড়িঘরের ময়লা-আবর্জনাও এ খালেই ফেলা হয়। নিয়মিত পরিষ্কার না করায় ময়লার স্তূপ জমে একেবারে রাস্তার সমান্তরালে এসে ঠেকেছে । অবস্থা এমন যে খালের ওপর দিয়ে চলাফেরাও সম্ভব।
গত ২৩ জুন পানি উন্নয়ন বোর্ড খালটি পরিষ্কার করার কাজ শুরু করেছিল। তবে অল্প কিছু জায়গা পরিষ্কার করে চার দিন পর কাজ বন্ধ হয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু সাঈদ বলেন, কাজ অসম্পূর্ণ রেখে আসা হয়নি। খালের পাশের রাস্তায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) চার-পাঁচটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে, এগুলোর কারণে এস্কেলেটর দিয়ে কাজ করা যাচ্ছিল না। ডিপিডিসি খুঁটিগুলো সরিয়ে দিলেই আবার কাজ শুরু করা হবে।
তবে দনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুম্মন মিয়া বলেন, পানি উন্নয়ন বোর্ড খালটির গভীর থেকে পরিষ্কার করে না, গত বছরও তাঁরা পরিষ্কার করার কিছুদিনের মধ্যেই ইউনিয়ন পরিষদকে পুনরায় পরিষ্কার করতে হয়েছিল।
খালের তীরবর্তী দনিয়া ইউনিয়নের পাটোয়ারীবাগ, কুসুমবাগ, নোয়াখালীপট্টি, খালপাড়, বউবাজার এলাকায় ড্রেনেজ ব্যবস্থাও প্রায় অকেজো। এসব এলাকার নর্দমাগুলো থেকে ঠিকভাবে পানি নামতে পারে না, বৃষ্টি হলে বাড়িতে পানি উঠে যায় বলে স্থানীয় বাসিন্দারা জানান।
তিতাস খালের পাশের রাস্তাটি এ এলাকার ঘরবাড়ির তুলনায় বেশ উঁচু। গত বছর এ রাস্তাটি উঁচু করে নির্মাণ করা হয়, এর ফলে বাড়িঘর থেকে সহজে পানি নামতে পারে না।
মিষ্টির দোকান এলাকার ব্যবসায়ী আবদুল মতিন খন্দকার বলেন, মূল রাস্তা থেকে খালে পানি নামার জন্য রাস্তার নিচ দিয়ে যে ড্রেন করা হয়েছে সেটি বেশ ছোট, ফলে সহজে পানি নামতে পারছে না।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আ হ ম আবদুল্লাহ হারুন বলেন, ওই এলাকার জলাবদ্ধতার সমস্যা রাজধানীর অন্যান্য এলাকার তুলনায় ভিন্ন। শুধু খাল ও ড্রেন পরিষ্কার করেই এর নিরসন হবে না। পাম্প বসিয়ে পানি সরানোর ব্যবস্থা করলেই পূর্ব জুরাইনসহ অন্যান্য নিচু এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হতে পারে।
২০১১-এর আদমশুমারি অনুযায়ী পূর্ব জুরাইনের জনসংখ্যা ছিল প্রায় ২৭ হাজার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ এলাকায় যেকোনো নির্বাচনে জনপ্রতিনিধিরা জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর কেউ প্রতিশ্রুতি রক্ষা করেননি।
জানতে চাইলে ঢাকা-৪ আসনের সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘আমরা এ এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য চেষ্টা করছি। তবে পাম্প বসানোর জন্য প্রচুর অর্থ দরকার। তাই শিগগিরই পাম্প বসানোর সম্ভাবনা নেই।’