বৃষ্টি ছাপিয়ে উত্তরায় জমল বিতর্ক উৎসব

কখনো ঝিরঝির, কখনো মুষলধারে বৃষ্টি। সঙ্গে বাতাস। মেঘাচ্ছন্ন সকালটা প্রায় অন্ধকার। তারপরও সব বাধার আগল ভেঙে ‘যুক্তিতে মুক্তি’ স্লোগানে প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব-২০১৭তে যোগ দিতে আসে খুদে বিতার্কিকেরা। গতকাল শনিবার তাদের পদচারণে মুখর হয়ে ওঠে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ।
ঢাকা মহানগরের উত্তরা অঞ্চলের ২৩টি স্কুলআসরে অংশ নেয়। সকাল ১০টার দিকে খুদে বিতার্কিকেরা জাতীয় সংগীত পরিবেশন করে। তাদের সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত অন্যরা। এরপরই গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। বৃষ্টি থাকলেও উৎসাহের কমতি ছিল না।
অনুষ্ঠানে রাশেদা কে চৌধূরী বলেন, ‘আজকে সবাই জিপিএ-৫-এর পেছনে ছোটে। জ্ঞানকে জিপিএ-৫-এর মধ্যে আটকে না রেখে আহরণের চেষ্টা করতে হবে।’ তিনি বলেন, ‘পরিশীলিত চিন্তা ও সুন্দর উপস্থাপন, সবকিছু বিতর্কের মাধ্যমে অর্জন করা যায়। যুক্তি দিয়ে নিজে শিখবে এবং অন্যকে শেখাবে। সমাজ ও দেশের উন্নতি করবে।’
এরপর শুরু হয় বিতর্কযুদ্ধ। যুক্তি-পাল্টাযুক্তিতে বিপক্ষ দলকে পরাজিত করতে থাকে খুদে বিতার্কিকেরা। মাঝে হয় বারোয়ারি বিতর্ক। চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আর রানারআপ রাজউক উত্তরা মডেল কলেজ। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের দলনেতা রেদওয়ানুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার এম এম সালেহীন বলেন, ‘যুক্তিতে মুক্তি স্লোগানে আজকের এই বিতর্ক। এই কথা যদি সব সময় মানা হয়, তাহলে পৃথিবীতে হানাহানি থাকত না। বিতর্ক মানুষকে আলোকিত করে।’
প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান রওশন বলেন, প্রথম আলোর স্কুল বিতর্ক উৎসব যুক্তিবাদী মানুষ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।
পুরস্কার বিতরণের আগে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সাব্বির। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজউক কলেজের উপাধ্যক্ষ খন্দকার আনিসুল হক ও দেওয়ান মুহাম্মদ তমজিদুজ্জামান, সহকারী অধ্যাপক সোলাইমান কবির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার নির্বাহী সভাপতি হাসান মাহমুদ। বিতর্ক উৎসবের সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা।