গতকাল শুক্রবার সকাল থেকেই মাঝারি ধরনের ভারী (২২-৪৪ মিলিমিটার) বৃষ্টিতে রাজধানীতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। বেলা তিনটার দিকে বৃষ্টি প্রায় ধরে আসে। পানিও নামতে থাকে। তবে কোনো কোনো এলাকায় জলাবদ্ধতা ছিল সন্ধ্যার পরও। ঈদ সমাগত। তার ওপর সরকারি ছুটির দিন হওয়ায় বিপণিবিতানগুলোতে ঈদের কেনাকাটার ভিড় ছিল। বৃষ্টি, জলাবদ্ধতা, যানজট ও যানবাহনের সংকট কেনাকাটা করতে আসা নগরবাসীকে প্রচণ্ড ভোগান্তিতে ফেলে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয় ৩৮ মিলিমিটার। দুপুর ১২টার মধ্যেই বৃষ্টি রেকর্ড হয় ১৯ মিলিমিটার।
সকাল থেকে টানা বৃষ্টির কারণে রাজধানীর খিলক্ষেত, প্রগতি সরণি, বাড্ডা, রামপুরা এলাকা তলিয়ে যায়। প্রগতি সরণিতে হাঁটু পর্যন্ত পানি উঠে যায়। যমুনা ফিউচার পার্ক এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। ঈদের কেনাকাটা করতে আসা মানুষকে বিপাকে পড়তে হয়।
বসুন্ধরায় অবস্থিত নর্থ সাউথ ইউনিভার্সিটি শুক্রবার বন্ধ থাকলেও পরীক্ষার কারণে কিছু কিছু বিভাগ খোলা ছিল। জলাবদ্ধতা ও যানজটের কারণে প্রগতি সরণি এলাকায় যাতায়াতে বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের। গতকাল দুপুর ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। মতিঝিল কলোনি এলাকার শিক্ষার্থী তন্ময়, খিলগাঁওয়ের বিপ্লব ও তাঁদের সঙ্গীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে প্রগতি সরণি এলাকায় কখনো জলাবদ্ধতায় পড়তে হয়নি। এখন বৃষ্টি হলেই পানি জমে যায়। তাঁদের ভোগান্তিতে পড়তে হয়।
বিষয়টি সম্পর্কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কুদরতউল্লাহ বলেন, ‘অতীতে কখনোই প্রগতি সরণি এলাকায় জলাবদ্ধতা হতো না, এটা সত্য। ওই অঞ্চলে একাধিক উড়ালসড়ক নির্মাণ হলেও উপযুক্ত ড্রেনেজব্যবস্থা রাখা হয়নি। তাই বছর দু-এক ধরে জলাবদ্ধতার সমস্যা বেড়ে গেছে। এ বিষয়ে রাজউক, ওয়াসা ও অন্য সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বৃষ্টির কারণে গতকাল দুপুর ১২টার মধ্যেই ব্যাপক জলাবদ্ধতা হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। বিশেষ করে স্বামীবাগ, অভয় দাস লেন, রামকৃষ্ণ মিশন রোড, গুলিস্তান, মতিঝিল, দিলকুশা, আরামবাগ, ফকিরেরপুল, নয়াপল্টন, রাজারবাগ, শান্তিনগর, বেইলি রোড, সিদ্ধেশ্বরী রোড, সার্কিট হাউস রোড, মৌচাক, মালিবাগ, কাকরাইল, রমনা মৎস্য ভবন, বসুন্ধরা সিটির পেছনে, কারওয়ান বাজার এলাকা, সোবহানবাগ, তল্লাবাগ, মণিপুরিপাড়া, নিউমার্কেট, মিরপুর ১০, ১৩ নম্বর সেকশন ও আশপাশের এলাকার সড়ক ও মহল্লার ভেতরের গলিগুলোতে হাঁটুপানি জমে যায়।
শান্তিনগর বাজার এলাকায় সকালে জমে যাওয়া পানি সন্ধ্যায়ও নামেনি। বিকেল চারটার দিকে রাজারবাগ পুলিশ লাইনস এলাকা থেকে শান্তিনগর মোড় ছাড়িয়ে কর্ণফুলী মার্কেট পর্যন্ত জলাবদ্ধতা এবং যানজট দেখা যায়।
বৃষ্টি, জলাবদ্ধতা আর যানজট বিপত্তি সৃষ্টি করে ঈদের বাজারগুলোতেও। বিশেষ করে নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, চাঁদনী চক, ধানমন্ডি হকার্স মার্কেটের সামনের রাস্তায় হাঁটুর ওপর পানি জমে থাকে দীর্ঘ সময়। যানজটও ছিল তীব্র।
মৌচাক মার্কেটের পেছনে ও আনারকলি মার্কেট এলাকায় ক্রেতাদের রীতিমতো পানির মধ্যে দাঁড়িয়ে কেনাকাটা করতে হয়। রামপুরা থেকে কেনাকাটা করতে আসা গৃহিণী শারমিন আহমেদ বলেন, ‘শুক্রবার ছুটির দিনে কেনাকাটা করতে এসেছিলাম। কিন্তু বৃষ্টিতে রাস্তা ডুবে যাওয়ায় চলাচল করতে ভয়ানক কষ্ট হচ্ছে। রিকশাও যেতে চায় না।’
দিনভর জলাবদ্ধ বেইলি রোড এলাকায়ও একই ভোগান্তিতে পড়েন ক্রেতারা। নয়াপল্টনের পলওয়েল মার্কেট, জোনাকী সুপার মার্কেট, গাজী ভবনে আসা ক্রেতারা যানজটের ভোগান্তিতে পড়েন।
নগরের বেশ কয়েকটি রাস্তায় জলাবদ্ধতার ময়লা পানি ঢুকে বন্ধ হয়ে যায় সিএনজিচালিত অটোরিকশা, এমনকি ব্যক্তিগত গাড়িও। দুপুরে নয়াপল্টন মোড়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সামনে, পল্টন মডেল থানার সামনে, শান্তিনগর মোড়ে অন্তত ১৫টি সিএনজিচালিত অটোরিকশাকে বিকল অবস্থায় দেখা যায়। শান্তিনগর মোড় থেকে কাকরাইল প্রান্তে ফলের দোকানের সামনে বিকল হয়ে যায় আবদুল মোমিনের অটোরিকশা। তিনি বলেন, বেলা দুইটার দিকে ময়লা পানি ঢুকে গাড়ি বিকল হয়ে যায়। বৃষ্টি হলেই এখন তাঁদের এই দুর্বিপাকে পড়তে হয়। তিনি তাঁর অটোরিকশাকে নিরাপদ স্থানে টেনে নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁর মতো অনেক চালক অসহায় ছিলেন যানজট আর জলজটের কাছে।
রাজধানীর জলাবদ্ধতা কমিয়ে আনার অন্যতম দায়িত্ব ঢাকা ওয়াসার। জলাবদ্ধ অন্য দিনগুলোর মতো গতকালও ওয়াসার লোকেরা তৎপর ছিলেন বিভিন্ন সড়কের ম্যানহোলের ঢাকনা উঠিয়ে দেওয়ার কাজে। ওয়াসার যুক্তি, এতে পানি দ্রুত নেমে যেতে পারে। কিন্তু শান্তিনগর এলাকায় তার প্রমাণ একেবারেই পাওয়া যায়নি। বিকেল সোয়া চারটার দিকে শান্তিনগর যমুনা ব্যাংকের সামনে ঢাকনা ওল্টানো একটি ম্যানহোলে পড়ে যায় একটি রিকশা। দুজন যাত্রীও পড়ে যান ময়লা পানিতে।
স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাস্তায় পানি জমলে ওয়াসা বাস্তবতা না বুঝেই ম্যানহোলের ঢাকনা খুলে দেয়। এমনকি বিপদ এড়াতে লাল পতাকা দেওয়া উচিত হলেও ওয়াসা তা করে না।’
জানতে চাইলে ঢাকা ওয়াসার উপ-প্রধান ব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ঢাকনা খুলে দিলে পানির তোড়ে নর্দমার ভেতরের আবদ্ধ পাইপ পরিষ্কার হয়ে যায়। লাল পতাকা বা কাপড় দেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই সেগুলো খোয়া যায়।’ জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘নগরের জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় বেশি বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। তবে তা পুরো নগরে নয়।’