বৃষ্টি এবং এর ফলে সৃষ্ট জলাবদ্ধতায় গতকাল বৃহস্পতিবার চরম দুর্ভোগে পড়তে হয় রাজধানীবাসীকে। ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে বুধবার রাতে এবং গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৪৫ মিলিমিটার।
আগের রাতে, বিশেষত গতকাল সকালের ভারী বৃষ্টিতে ঢাকার অনেক এলাকার রাজপথ ও অলিগলি তলিয়ে যায়। সকালে অফিসমুখী নারী-পুরুষ থেকে শুরু করে পথচারী, যানবাহনের আরোহীসহ হাজার হাজার মানুষ বিপাকে পড়ে।
পুরান ঢাকার কে এম দাস লেন থেকে মিটফোর্ড এলাকায় অফিসে যাওয়ার জন্য প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করেও রিকশা পাননি বলে জানান চাকরিজীবী নাসরিন সুলতানা। পরে তিনি হাঁটুপানি ভেঙে হাটখোলা প্রধান সড়কে এসে পড়েন আরেক বিড়ম্বনায়। রিকশাওয়ালা মিটফোর্ডের ভাড়া দাবি করেন ১৫০ টাকা। পরে রফা হয় ১০০ টাকায়।
ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যাত্রাবাড়ী, দোলাইরপাড়, দনিয়া, রসুলপুর এলাকায় অফিসমুখী যাত্রীরা সকাল থেকেই সমস্যায় পড়েন।
আরও যেসব এলাকায় বেশি জলাবদ্ধতা হয় সেগুলো হচ্ছে মৌচাক, শান্তিনগর, রাজারবাগ, মতিঝিল, আরামবাগ, ফকিরেরপুল, নয়াপল্টন, পুরানা পল্টন, কাজীপাড়া, শেওড়াপাড়াসহ মিরপুরের কিছু এলাকা, আগারগাঁও, বাড্ডা, রায়েরবাজার, বকশিবাজার, নাজিমুদ্দিন রোডসহ পুরান ঢাকার অনেক এলাকা।
সকালে প্রবল বৃষ্টিতে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় খোঁড়া রাস্তার গর্তে রিকশা উল্টে পড়ে আহত হন আবদুর রশিদ নামের এক ব্যবসায়ী।
গতকাল জলাবদ্ধতার মধ্যে বিভিন্ন সড়কে ম্যানহোলের ঢাকনা তুলে দেওয়ায় দুর্ঘটনার শিকার হন পথচারী ও যানবাহনের আরোহীরা। গতকাল গোপীবাগ ফুলকুঁড়ি স্কুলের গলিতে পানি ভেঙে চলাচল করছিল রিকশা ও পথচারীরা। চলতে গিয়ে খোলা ম্যানহোলে পড়ে আহত হন রূপণ সাহা নামের এক ব্যক্তির শিশুকন্যাসহ স্ত্রী।
এ বিষয়ে ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) এ ডি এম কামরুল আলম বলেন, ঘূর্ণিঝড় ও বৃষ্টির আগাম খবরে তৈরি ছিল ওয়াসার কর্মীরা। সকালে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিলে তাঁরা ম্যানহোলের ঢাকনা খুলে দেন। এর ফলে পানি নামতে পারে।