রোদ-বৃষ্টি আর মেঘনার জোয়ারের পানিতে মানবেতর জীবন কাটাচ্ছে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ। গত শনিবার ভাঙন প্রতিরোধের কাজ বন্ধ হওয়ার পর এসব মানুষের মনে আতঙ্ক দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার চডারমাথা ও দক্ষিণ রাজাপুর বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢুকলে প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশের বাঘা হাওলা থেকে বিভিন্ন স্থানে মহাসড়কের দুই পাশে ঘরের ভাঙা অংশ রাখা আছে। রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর ও চডারমাথা এলাকার ভাঙনকবলিত এসব মানুষ ঘরের আসবাব সরিয়ে নিলেও কোথাও স্থায়ী হতে পারেনি। শনিবার দিনে ও রাতের জোয়ারে শতাধিক ঘর ভেসে গেছে। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের শিশু হাসপাতাল ভবন, দাতব্য হোমিও চিকিৎসালয় ও তিন একর ফসলি জমি ভাঙনে বিলীন হয়েছে।
গতকাল সকালে চডারমাথা গ্রামের জয়নাল মাঝিকে (৮০) ভেসে যাওয়া আসবাব খুঁজতে দেখা যায়। তিনি বলেন, ঘরে তাঁরা স্বামী-স্ত্রী ছাড়া কেউ ছিলেন না। ঘরের কিছু মালসহ স্ত্রীকে নিরাপদে রেখে আসতেই দেখেন, শনিবার বিকেলের জোয়ারে ঘর ভেসে গেছে।
একই গ্রামের বাসিন্দা ও পল্লি চিকিৎসক আবদুল মালেক বলেন, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আর জোয়ারের পানিতে ভেসে কোনো রকমে বেঁচে আছেন। এ বছর নদীভাঙনে তাঁর প্রায় পাঁচ একর জমি মেঘনায় বিলীন হয়েছে। প্রতিদিন অন্য জায়গায় গিয়ে রান্না করে খাচ্ছেন।
দক্ষিণ রাজাপুর গ্রামের কামাল, ইব্রাহীম, জাকির, ইসলামসহ অনেকেই অভিযোগ করেন, গত কয়েক দিনে সরকারি কোনো সাহায্য পাননি তাঁরা। কোটি টাকার কাজ হলেও ভাঙন প্রতিরোধ করা যায়নি। এখন আবার ঠিকাদারেরা ভাঙন প্রতিরোধের কাজ বন্ধ করে দিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলার উপসহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, এ পর্যন্ত বালুভর্তি প্রায় ১ লাখ ২৫ হাজার বস্তা (জিও ব্যাগ) ভোলা-ইলিশা ফেরিঘাট, চডারমাথা ও বিশ্বরোডের মাথা এলাকায় ফেলা হয়েছে। ভাঙনের তীব্রতার কারণে গত শুক্রবার জিও টিউব ফেলার কাজ শুরু হয়। ২৩টি ফেলার পরে তাও বন্ধ হয়ে গেছে। কারণ জিও টিউবের নকশা (ডিজাইন), দর, আকার, এখনো তৈরি হয়নি।
পাউবোর সূত্রের তথ্য অনুযায়ী, গত ৩৮ দিনে (২৩ জুলাই-৩০ আগস্ট) বিলীন হয়েছে রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের পাঁচ বর্গকিলোমিটার এলাকা। এর মধ্যে আছে বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের দুই কিলোমিটার, ইলিশা ফেরিঘাট, চডারমাথা বাজার, দুটি মসজিদ ও ছয় শতাধিক ঘরবাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান, চডারমাথা-মেহেন্দীগঞ্জ সড়কের ১৫০ মিটার, ইসলামী ফাউন্ডেশন হাসপাতাল ও কয়েক শ একর ফসলি জমি।
ভোলার জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, গতকাল বিকেলে ভাঙনকবলিত ও পানিবন্দীদের জন্য ২০ মেট্রিক টন চাল, তিন লাখ টাকা, পর্যাপ্ত শুকনা খাবার দেওয়া হয়েছে। আরও ত্রাণের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।